পশ্চিমাঞ্চল রেলওয়ের স্থাপনাগুলোতে রেড অ্যালার্ট জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন স্থাপনায় বিশেষ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় সৈয়দপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) এ সতর্কতা জারি করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াতসহ ধর্মাশ্রয়ী কিছু রাজনৈতিক দল রেলওয়ের স্থাপনাগুলোতে হামলার নীল নকশা করছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এর আগে ২ মার্চ রাজশাহী স্টেশনে দাঁড়িয়ে থাকা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। আগুনে ট্রেনের তিনটি বিলাসবহুল বগি পুড়ে যায়।রেলওয়ের সৈয়দপুরের পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা গেছে, নাশকতার আশঙ্কায় সৈয়দপুর রেলওয়ে কারখানা, পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা), ওয়ার্কশপ, পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ, রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান কার্যালয়, লালমনিরহাট, সান্তাহার ও ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ের অধীনে তিনটি বিভাগীয় শহর ও ২২টি প্রশাসনিক জেলা রয়েছে। এর আওতাধীনে রয়েছে ৫৫৪ কিলোমিটার রেলপথ এবং ওই রেলপথকে ঘিরে ২১৪টি রেলওয়ে স্টেশন ও ২০টি জংশন স্টেশন রয়েছে। এই বিশাল রেলওয়ের দেখভালের দায়িত্বে রয়েছে সাড়ে ৭০০ জিআরপি পুলিশ। তবে রেললাইন উৎপাটন ও রেলওয়ে সেতু যাতে উপড়ে ফেলা না হয়, এ জন্য সংশ্লিষ্ট এলাকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েন করা হয়েছে।রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট (এসি) মো. শাহজাহান সরকার জানান, রেলওয়ে স্থাপনাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যেকোনো নাশকতা ঠেকাতে তাঁরা সতর্ক প্রহরার ব্যবস্থা নিয়েছেন। রেলওয়ের সৈয়দপুরের পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ সব স্থাপনায় রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ক্ষেত্রে জেলা পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে।