নাশকতার আশঙ্কায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানাসহ পশ্চিমাঞ্চল রেলওয়েতে বিশেষ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। রেলওয়ে স্থাপনাগুলোকে বোমা মেরে উড়িয়ে দেওয়া এবং ট্রেনে অগ্নিসংযোগের অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার এই সতর্কতা জারি করে।
রেলওয়ের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, রাষ্ট্রের অধিকতর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে (কেপিআই) লক্ষ্যবস্তুতে পরিণত করেছে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র। চক্রটি গত ১ মার্চ থেকে ১৭ জুলাই পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলে ২৪টি নাশকতার ঘটনা ঘটায়। ওই সময় জামায়াত ও ১৮-দলীয় জোটের ডাকা হরতালে ট্রেনে অগ্নিসংযোগ, রেললাইন উপড়ে ফেলা ও রেলওয়ে স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় সৈয়দপুর রেলওয়ে জেলার সান্তাহার, বোনারপাড়া, ঈশ্বরদী, পোড়াদহ, লালমনিরহাট ও রাজশাহী রেলওয়ে থানায় ২৪টি মামলা হয়। এসব মামলায় জামায়াত-শিবিরের ২০ হাজারেরও বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়। অথচ মামলার মাত্র ৯০ জন আসামিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে জেলা (জিআরপি) পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, রেলওয়ে থানাগুলোতে দায়ের করা মামলার কোনো অগ্রগতি হয়নি। ফলে, চক্রটি আরও সক্রিয় হয়ে উঠেছে। ওই চক্র নতুন করে রেলওয়ে স্থাপনায় হামলা চালাতে পরিকল্পনা করছে বলে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তথ্য দিয়েছে। ওই হুমকির পরিপ্রেক্ষিতে গোটা পশ্চিমাঞ্চল রেলওয়েতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
গতকাল সোমবার সৈয়দপুর রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সতর্ক প্রহরা। আরএনবি কারখানায় প্রবেশকারী শ্রমিক-কর্মচারীদের গেটগুলোয় মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি করা হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সহকারী কমান্ড্যান্ট (এসি) শাহজাহান সরকার বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে রোববার থেকে রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনায় রেড অ্যালার্ট জারির বিষয়টি জানানো হয়। যেকোনো সময় এসব স্থাপনায় নাশকতার আশঙ্কায় আমরা নিরাপত্তা জোরদার করেছি।’