পশ্চিমাঞ্চল রেলে বিশেষ সতর্কতা জারি
ঈদে ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেনে ট্রেনে তল্লাশি শুরু করেছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিশেষ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে পুলিশের রেলওয়ে রেঞ্জ। গতকাল শুক্রবার ওই সতর্কতা জারি করা হয়।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার (জিআরপি) কার্যালয় সূত্র জানায়, ঈদকে সামনে রেখে ট্রেনে এবার অধিকসংখ্যক যাত্রী পরিবহন করবে রেলওয়ে কর্তৃপক্ষ। এর ফলে রেলপথ ও স্থাপনায় নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রেল পুলিশের গোয়েন্দা তথ্যে এমন আশঙ্কা কথা বলা হচ্ছে। এ অবস্থায় দফায় দফায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ১২টি থানাকে নিয়ে সৈয়দপুরে বিশেষ সভা করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, পুলিশের রেলওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান পশ্চিমাঞ্চলের সবগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ১৫ ও ১৬ জুলাই কয়েক দফা বৈঠক করেছেন। সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই বৈঠকে ট্রেনে যাত্রীসেবার বিষয়ে নানা নির্দেশনা দেওয়া হয়েছে।
দেওয়ান লালন জানান, যাত্রীদের সচেতনতা বাড়াতে জিআরপি তিমধ্যেই প্রচারপত্র বিলি শুরু করেছে। এ ছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও লালমনিরহাটগামী পশ্চিমাঞ্চল রেলওয়ের সব ট্রেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রতিটি ট্রেনে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া দৃষ্টি রাখা হচ্ছে। চলছে নিরাপত্তামূলক তল্লাশিও। বড় স্টেশনগুলোতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিনুর রহমান বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের সেবা নিশ্চিত করতে সৈয়দপুরে নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করা হয়েছে। ওই নিয়ন্ত্রণকক্ষে আধুনিক মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো সমস্যা দেখা দিলে মুঠোফোনে ০১৭৩৩৩৯০১৯২, ০১৭১১৬৯২৯৩৮ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে। রেল পুলিশ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।