পশ্চিমাদের সঙ্গে একমত নন আরব কূটনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা দেশগুলো বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে তাদের নাগরিকদের সতর্ক করে যে বার্তা জারি করেছে, তার সঙ্গে একমত নন বাংলাদেশে কর্মরত আরব ও মুসলিম দেশের কূটনীতিকেরা। তাঁদের মতে, নিরাপত্তা পরিস্থিতির এতটা অবনতি হয়নি যে বিদেশিদের বাংলাদেশ থেকে চলে যাওয়ার কিংবা না আসার কারণ ঘটেছে। তবে গুলশানের কূটনৈতিক এলাকায় হত্যার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় কর্মরত ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) ও উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্যদেশের কূটনীতিকেরা নিজেদের অনানুষ্ঠানিক এক আলোচনায় এ মত প্রকাশ করেন।
অনানুষ্ঠানিক ওই আলোচনায় মুসলিম দেশের কূটনীতিকেরা এও বলেছেন, গত সোমবার ইতালির নাগরিক তাবেলা সিজারকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) খুন করেছে, এখনই এই সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়ার আগেই এ ধরনের হত্যাকে ‘সন্ত্রাসমূলক অপরাধ’ হিসেবে মন্তব্য করাটা একেবারে অন্যায্য (আনফেয়ার) হয়ে যায়। তবে গুলশানের কূটনৈতিক এলাকায় প্রথমবারের মতো এ ধরনের ঘটনা অত্যন্ত বিপজ্জনক। তাই কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা উচিত।
ঢাকায় মিসরের রাষ্ট্রদূত ও আরব দেশের কূটনীতিকদের ডিন মাহমুদ ইজ্জাত গতকাল বুধবার প্রথম আলোকে তাঁর দপ্তরে এ তথ্য জানান।
তাবেলা সিজার হত্যাকাণ্ডের পর ঢাকায় ইইউ রাষ্ট্রদূত এক বিবৃতিতে তাবেলা সিজারের হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসমূলক অপরাধ’ হিসেবে অভিহিত করেন। আর যুক্তরাজ্য সরকারের ভ্রমণবিষয়ক বার্তায় আইএস ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়।
এদিকে গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ফ্রান্স, জাপানসহ বেশ কয়েকটি দেশ নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ জানিয়েছে। বেশ কয়েকটি দেশ থেকে মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের জন্য দেশগুলো অনুরোধ করেছে বলে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা উল্লেখ করেন।
গত মঙ্গলবার সকালে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার ও কূটনৈতিক কোরের ডিন রবার্ট গিবসনের বাসভবনে এক বৈঠকে পশ্চিমা স্বার্থে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। এ আশঙ্কা থেকে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সরকারের সঙ্গে কথা বলে তাঁরা আশ্বস্ত হতে চান। খুব শিগগির তাঁরা সরকারের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন। আলোচনার পর কূটনীতিকদের পক্ষ থেকে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনের এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা ছিল।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, এখন পর্যন্ত কূটনীতিকদের পক্ষ থেকে কোনো চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। তবে গত মঙ্গলবার কূটনীতিকদের পক্ষ থেকে রবার্ট গিবসন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মুহাম্মদ খুরশেদ আলমের সঙ্গে নিরাপত্তা জোরদারসহ প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।
মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত বলেন, বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ওআইসিভুক্ত দেশের কূটনীতিকদের নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলোর ভ্রমণবিষয়ক বার্তা জারি ও ইতালির নাগরিক হত্যাকাণ্ডের পর পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানতে ও বুঝতে আনুষ্ঠানিক বৈঠক করা হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রবার্ট গিবসনের বাসায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও ভ্রমণবিষয়ক বার্তায় ‘নির্ভরযোগ্য তথ্যের’ ব্যাপারে কোনো কথা হয়নি। পশ্চিমা দেশগুলো ওই তথ্য সম্পর্কে কিছু জানায়নি।
মাহমুদ ইজ্জাত বলেন, ‘এখন পর্যন্ত আইএস ইরাক ও সিরিয়া নিয়ে ব্যস্ত। আর বাংলাদেশে তাদের কোনো কার্যক্রম আছে বলে শুনিনি।’
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে মাহমুদ ইজ্জাত বলেন, ‘গত বছরের রাজনৈতিক সহিংসতার সময়েও আমরা নিরাপদ বোধ করেছি। তবে গুলশানের কূটনৈতিক এলাকার মতো আঁটসাঁট নিরাপত্তায় ঘেরা এলাকায় প্রথমবারের মতো এ ধরনের হত্যা ঘটেছে, যা অত্যন্ত বিপজ্জনক। তাই এলাকায় এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে নিরাপত্তা বাড়ানো দরকার।’