পশ্চিমের সৌন্দর্য পুবে ম্লান!

পাশাপাশি অবস্থিত চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী জাতীয় স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম। এ দুটি স্টেডিয়ামের দক্ষিণ ও পশ্চিম দিকের সড়ক বা ফুটপাত দিয়ে হাঁটলে মনে হবে বিদেশের কোনো রাস্তা। কিন্তু স্টেডিয়াম দুটির পূর্ব দিকের চেহারা একেবারেই উল্টো। রাস্তার পাশে ময়লার ভাগাড় ও বাঁশের স্তূপ। দুর্গন্ধে নাকে রুমাল চেপে পথ চলতে হয়।
নগরের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে পড়েছে স্টেডিয়াম দুটি। শুধু স্টেডিয়াম এলাকা নয়, জুবিলি রোড ও বাটালি রোডেরও একই দশা। কয়েক মিটার পর পরই সেখানে ময়লার স্তূপ। আছে যানজটের সমস্যাও।
সরেজমিনে দেখা গেছে, স্টেডিয়াম দুটির দক্ষিণ ও পশ্চিম দিকের রাস্তা ও ফুটপাত ঝকঝকে। দক্ষিণে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের বাসভবন ও অফিসার্স ক্লাব। সেখানে সীমানা লাগোয়া ফুটপাতে টাইলস লাগিয়েছে নৌবাহিনী কর্তৃপক্ষ। আর স্টেডিয়ামের পশ্চিমাংশে একটি কনভেনশন সেন্টার করেছে সেনাবাহিনী। সেখানে সীমানা ঘেঁষে গড়ে উঠেছে উন্নতমানের রেস্তোরাঁ ও ব্যায়ামাগার। আবর্জনা নেই, নেই ধুলোবালিও। দক্ষিণ আর পশ্চিমের এই সৌন্দর্যে মুগ্ধ নগরবাসী। কিন্তু আউটার স্টেডিয়ামের পূর্ব দিকের চিত্র পুরোটাই বিপরীত। সেখানে ফুটপাত ও রাস্তার কোনায় কোনায় ময়লার স্তূপ। আছে বাঁশের স্তূপও। কারা এই বাঁশ রেখেছে তা-ও কেউ বলতে পারে না।
স্থানীয় বাসিন্দা রেজাউর রহমান বলেন, আউটার স্টেডিয়ামের পূর্ব দিকটা আবর্জনা ও বাঁশ রাখার জায়গায় পরিণত হয়েছে। অথচ এই স্টেডিয়ামেই ক্রিকেট খেলায় হাতেখড়ি মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, নাফিস ইকবাল, আফতাব আহমেদ ও তামিম ইকবালের মতো তারকার। তাঁরা বাংলাদেশের গর্ব। এখানে তাঁরা ক্রিকেট খেলা শিখেছেন। স্টেডিয়ামের এই অবস্থা দেখলে তাঁরা লজ্জা পাবেন। এই দায় শুধু সিটি করপোরেশনের নয়, সিজেকেএসেরও।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি স্টেডিয়ামের উত্তর পাশে অবৈধ বিলবোর্ড স্থাপনের কারণে ফুটপাত খোঁড়াখুঁড়ি করা হয়েছিল। প্রশাসন বিলবোর্ড সরিয়ে নিলেও ফুটপাতের আর সংস্কার হয়নি।
ওয়ার্ডের তিনপুলের মাথা থেকে কাজীর দেউড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার দুই পাশে অন্তত ১২-১৩টি জায়গায় ময়লার স্তূপ। নির্দিষ্ট ডাস্টবিনের বাইরেই এসব ময়লা ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর জন্য সিটি করপোরেশনের ব্যর্থতার পাশাপাশি নাগরিক অসচেতনতাও দায়ী।
এনায়েত বাজারে কিছু নালা-নর্দমার কাজ হয়েছে। তাই আগের মতো এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় না বলে জানালেন এলাকাবাসী। তবে এখানকার মূল সমস্যা মাদক। বিআরটিসির বাস টার্মিনালসংলগ্ন জামতলা বস্তিতে নিয়মিত মাদকের হাট বসে। বস্তির লোকজন ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল প্রকাশ্যেই বিক্রি করেন। এ কারণে উঠতি বয়সী তরুণদের নিয়ে চিন্তিত অভিভাবকেরা।
আরেকটি বড় সমস্যা জুবিলি রোডের যানজট। কাজীর দেউড়ি থেকে তিনপুলের মাথা পর্যন্ত জুবিলি রোডের দুই পাশই যেন ট্রাকস্ট্যান্ড। সব সময় দাঁড়িয়ে থাকে সারি সারি ট্রাক। এতে পুরো এলাকায় যানজট হয়। স্থানীয় আবুল হাশেম বলেন, জুবিলি রোডের দুই পাশে টাইলস, ফিটিংস ও যন্ত্রপাতির দোকানে প্রচুর বেচাকেনা হয়। প্রতিদিন এখানে শতাধিক ট্রাকে মালামাল পরিবহন হয়। এ কারণে স্ট্যান্ডটি ঘিরে যানজটের সৃষ্টি।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক বলেন, জামতলা বস্তিতে মাদক বেচাকেনা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে রাস্তার ওপর যত্রতত্র ময়লার স্তূপ জমছে, এটা নাগরিকদের অসচেতনতার কারণেই হচ্ছে। তিনি বলেন, ‘রাস্তা পরিষ্কার রাখার জন্য আমাদের পরিকল্পনা আছে। আর জুবিলি রোডের দুই পাশে গাড়ি পার্কিং সরিয়ে নেওয়ার দায়িত্ব প্রশাসনের। পুলিশ চাইলে সেখানে অবৈধ ট্রাকস্ট্যান্ড থাকবে না।’