পা কাটতে হলো ছাত্রলীগ নেতা উত্তমের
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুখোশধারীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাসের বাঁ পা অস্ত্রোপচার করে গোড়ালি থেকে কেটে ফেলতে হয়েছে। গতকাল শনিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়।
হাসপাতালে অবস্থান করা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্কয়ার হাসপাতালের সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে উত্তম কুমারকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। এরপর চিকিৎসকেরা বাঁ পায়ের গোড়ালির নিচের অংশের রক্ত সঞ্চালন প্রক্রিয়া সচল করার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘ সময় চেষ্টার পরও ব্যর্থ হওয়ায় গোড়ালি থেকে নিচের অংশ কেটে ফেলার সিদ্ধান্ত নেন। পরে অস্ত্রোপচার করে তা কেটে ফেলা হয়। তাঁকে ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। উত্তম কুমার বর্তমানে স্কয়ার হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমানের অধীনে চিকিৎসাধীন।
গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের একটি রেস্তোরাঁয় উত্তম কুমার দাসকে কুপিয়ে গুরুতর জখম করে মুখোশধারীরা। তাঁকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।