নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান বলেছেন, অতীতে অনেকেই আমাদের বিরুদাচরণ করে টিকতে পারেনি। সামনে আমাদের ক্ষমতা আরও বাড়বে। যেসব পোকামাকড়, পিঁপড়া, তেলাপোকা, এখন দাবড়িয়ে বেড়াচ্ছে, তাদের পা দিয়ে চাপ দিলেই পিষে মরে যাবে। এরা কেউ আমাদের সঙ্গে টিকতে পারবে না।
গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এই সদস্য এ কথা বলেন।
বন্দর উপজেলার লক্ষ্মণখোলায় সম্ক্রতি ওয়াসার দূষিত পানি পান করে চারজনের মৃত্যুর জন্য সিটি করপোরেশনকে দায়ী করে নাসিম ওসমান বলেন, সিটি করপোরেশন নর্দমা নির্মাণের জন্য রাস্তা কাটতে গিয়ে ওয়াসার পাইপ কেটে ফেলেছে। এতে নর্দমার পানির সঙ্গে ওয়াসার পানি মিশে দূষিত হয়েছে।
সাংসদ নাসিম বলেন, নির্বাচনের আগেই গ্যাস-সংকট সমাধানে শহরে মাটির নিচে ১৬ ইঞ্চি ব্যাসের পাইপ বসানোর কাজ শুরু হবে। তখন সিটি করপোরেশন এই কাজে রাস্তা কাটতে বাধা দিলে বাধাদানকারীদের ওপর হামলা করা হবে।
সাংসদ নাসিমের অভিযোগ প্রসঙ্গে মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ওয়াসার সরবরাহ লাইনের বিভিন্ন স্থানে ছিদ্র রয়েছে। ওই সব ছিদ্র থেকে ওয়াসার পানি দূষিত হতে পারে। নাসিম ওসমান কোনো ধরনের তদন্ত ছাড়াই ত্বকী হত্যার দায় থেকে নিজেকে বাঁচাতে রাজনৈতিক হীন স্বার্থে সিটি করপোরেশনকে দোষারোপ করছেন।