পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে নীলা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চরবড়ধুল গ্রামের দরিদ্র পরিবারের সন্তান নীলা খাতুনের (১৫) জন্ম থেকেই বলতে গেলে দুটি হাত নেই। বাম হাতটি স্বাভাবিকের তুলনায় লম্বায় অর্ধেক। হাতের শেষ মাথায় ঝুলছে ক্ষুদ্রাকৃতির তিনটি আঙুল। আর ডান হাতটি বাহুর কাছেই শেষ। কিন্তু দমার পাত্রী নয় নীলা। তাই পা দিয়ে লিখেই চালিয়ে যাচ্ছে লেখাপড়া। এবার উপজেলার চরবড়ধুল দাখিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে অংশ নিচ্ছে।
নীলার বাবা ওসমান গনি একজন কৃষক। মা শাহিনুর বেগম গৃহিণী। নীলারা তিন ভাই, এক বোন। সবাই লেখাপড়া করছে।
নীলার মা শাহিনুর বেগম বলেন, নীলা জন্ম থেকেই প্রতিবন্ধী। শিশুকালে হাঁটতে কিছুটা সমস্যা হলেও পাঁচ বছর বয়সের পর থেকে সে হাঁটতে শেখে। তবে হাত দুটি আর ঠিক হয়নি। বড় দুই ছেলে বাড়িতে লেখাপড়া করার সময় নীলা আগ্রহ নিয়ে তাদের কাছে বসে থাকত। তার আগ্রহ দেখে বোনকে সঙ্গে করে বিদ্যালয়েও নিয়ে যেতে শুরু করে ভাইয়েরা। এভাবেই নীলার পড়ালেখা শুরু।
নীলার বড় ভাই সিরাজগঞ্জ সরকারি কলেজে সম্মান চূড়ান্ত পর্বের ছাত্র শাহ আলম। তিনি বলেন, ‘নীলা ২০১১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৪ ও ২০১৪ সালে জিপিএ-৪ দশমিক ৫০ পেয়ে জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পা দিয়ে লিখলেও ওর লেখা খুবই সুন্দর। স্বাভাবিক কোনো হাতের লেখাও এত ভালো হওয়া কঠিন।’
নীলার সঙ্গে কথা হয়। সে বলে, পা দিয়ে সে শুধু লেখাই নয়, সব ধরনের কাজ করতে পারে। ঘর গোছানো, পরিষ্কার করা, রান্না করা—সব কাজই অনায়াসে পা দিয়ে করে আসছে সে। তার ইচ্ছা, লেখাপড়া শিখে সে সরকারি চাকরি করবে।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আলমগীর হোসেন বলেন, ‘নীলার লেখাপড়ার ইচ্ছা প্রবল। সে কোনো দিন ক্লাস ফাঁকি দেয়নি। লেখাপড়ায় সে অনেক ভালো। আমি মেয়েটির সাফল্য কামনা করি।’
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকন্দ মো. ফয়সাল উদ্দীন বলেন, ‘নীলার লেখা দেখে আমি মুগ্ধ। পা দিয়ে এত সুন্দর লেখা যেতে পারে তা কল্পনাই করা যায় না। জীবনযুদ্ধে সে অসাধারণ কৃতিত্ব রাখছে। তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’