পা দিয়ে লিখে জেএসসি পাস

জন্ম থেকেই দুটি হাত নেই। কিন্তু শারীরিক এ প্রতিবন্ধকতা মনের জোরের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারেনি। পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস করা। এরপর ধাপে ধাপে সামনে এগোনো। এর ধারাবাহিকতায় সাফল্য এল জেএসসি পরীক্ষাতে।
ফরিদপুরের এ অদম্য শিক্ষার্থীর নাম জসীম মাতুব্বর (১৪)। সে গত বৃহস্পতিবার প্রকাশিত জেএসসির ফলে ‘বি’ গ্রেড নিয়ে পাস করেছে।
জসীম প্রথম আলোকে বলে, তার প্রত্যাশা ছিল আরও ভালো ফলের। কিন্তু অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়ে যায়। তবে সে হতাশ নয়। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাবে, এ বিষয়ে আশাবাদী সে।
জসীম ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের নাজিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের ছাত্র। ইউনিয়নের কদমতলী গ্রামের মো. হানিফ মাতুব্বর ও তাছিরন বেগমের বড় ছেলে সে। চার ভাইবোনের মধ্যে জসীম সবার বড়।
জসীম সামনের দিনগুলোতে আরও ভালো করবে, এ বিষয়ে আশাবাদী তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানও। তিনি প্রথম আলোকে বলেন, ‘জসীম জেএসসি পরীক্ষায় জিপিএ–৩.১০ পেয়েছে। আমার বিশ্বাস, ভবিষ্যতে সে আরও ভালো করবে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল বলেন, পা দিয়ে লেখার কারণে স্বাভাবিকভাবেই গতি কমে যায়। তাই ‘বি’ গ্রেড পাওয়াও কম কৃতিত্বের ব্যাপার নয়। লেখাপড়ার প্রতি জসীমের স্পৃহা তাঁকে মুগ্ধ করে।
জসীম এর আগে ২০১৩ সালে পিইসি পরীক্ষা দেয়। তাতেও সফলতার সঙ্গে পাস করে সে। সেই সময় ও চলতি বছরের ২ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরুর দিকে জসীমকে নিয়ে প্রথম আলোয় দুটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।