পা দিয়ে লিখে তাক লাগানো ফল

জন্মগতভাবে দুই হাতই অচল। তবে পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই পা দিয়ে লেখার অভ্যাস। এভাবে লিখেই বাজিমাত করেছে লালমনিরহাটের অদম্য মেধাবী আরিফা আক্তার। শারীরিক প্রতিবন্ধী এই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.১১ (‘এ’ গ্রেড) পেয়ে তাক লাগিয়ে দিয়েছে।
আরিফার বাড়ি লালমনিরহাট পৌরসভার শাহীটারী মহল্লায়। বাবা আবদুল আলী তালা-চাবির ভ্রাম্যমাণ কারিগর। মা মমতাজ বেগম গৃহিণী। দুই ভাই ও তিন বোনের মধ্যে আরিফা সবার ছোট।
আরিফা সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ উচ্চবিদ্যালয়ের মানবিক শাখা থেকে এবার পরীক্ষা দিয়ে এ সাফল্য পেয়েছে। এর আগে আরিফা লালমনিরহাট পৌর এলাকার উত্তর সাপটানা ব্র্যাক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে ৬০০ নম্বরের মধ্যে ৪২৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরে ফুলগাছ উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৪.৪৪ পায় সে।
আরিফার মা মমতাজ বলেন, ‘সেই শিশুকাল থেকেই পড়াশোনার প্রতি আরিফার খুব ঝোঁক। আমরা গরিব মানুষ। অনেক কষ্টে, অন্যের সাহায্য-সহযোগিতায় আরিফাকে এত দূর আনতে পেরেছি।’ বাবা আবদুল আলী বলেন, ‘আমি সারা দিন শহরে ঘুরে লোকজনের তালা-চাবি সেরে সামান্য যা আয় করি, তা দিয়ে কোনোক্রমে সংসার চালাই। অভাবের কারণে জন্মের পর আরিফার ঠিকমতো চিকিৎসা করতে পারি নাই। আরিফার পড়ালেখায় আগ্রহ থাকায় সাধ্যমতো চেষ্টা করছি।’ আরিফা বলে, ‘এসএসসি পরীক্ষার প্রথম দিকে আমি কিছুটা অসুস্থ ছিলাম। মাথাব্যথা ও জ্বর ছিল। তা না হলে আমার পরীক্ষার ফল আরও ভালো হতো।’ আরিফা ভবিষ্যতে শিক্ষক বা আইনজীবী হতে চায়।
জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, অভাব আর প্রতিবন্ধিতাকে জয় করে আরিফা যে সাফল্য দেখিয়েছে, তা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।
গত ২ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘পা দিয়ে লিখে পরীক্ষা’ শিরোনামে আরিফাকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়।