পা দিয়ে লিখে পরীক্ষা
লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য মেধাবী ও প্রতিবন্ধী আরিফা আক্তার। লেখাপড়া শিখে আরিফা শিক্ষক হতে চায়।
আরিফা লালমনিরহাট পৌর এলাকার উত্তর সাপটানা ব্র্যাক স্কুল থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়ে ৬০০ নম্বরের মধ্যে ৪২৫ পায়। এরপর সে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৪.৪৪ পায়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আরিফা সদর উপজেলার ফুলগাছ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবার এসএসসি (মানবিক) পরীক্ষা দিচ্ছে। শারীরিক প্রতিবন্ধী আরিফা গতকাল সোমবার বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অন্য শিক্ষার্থীদের মতো বেঞ্চে বসে দিতে পারেনি। তার দুই হাত অচল থাকায় সে পা দিয়ে লিখে পরীক্ষা দেয়।
লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব মো. আবদুল হামিদ বলেন, ছাত্রীটিকে অত্যন্ত মেধাবী বলেই মনে হচ্ছে। ছাত্রীটি হাত দিয়ে নয়, পা দিয়ে লেখে। তার লেখা খুব সুন্দর ও স্পষ্ট।
আরিফার মা মমতাজ বেগম বলেন, ‘আমার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে আরিফা সবার ছোট। জন্মগতভাবে আরিফার দুই হাত বিকলাঙ্গ (অচল, আকারে ছোট ও দুর্বল)। শিশুকাল থেকেই আরিফার পড়াশোনার প্রতি খুব ঝোঁক। আমরা গরিব মানুষ। অনেক কষ্টে, অনেকের সাহায্য-সহযোগিতায় এই অচল মেয়েকে এত দূর এনেছি।’
আরিফার বাবা আবদুল আলী বলেন, ‘আমি শহরের ফুটপাতের একজন তালা-চাবির মেকার, অতি সামান্য আয়। অভাবের কারণে আরিফার জন্মের পর ভালো চিকিৎসা করাতে পারি নাই। অভাবের কারণে আমার অন্য ছেলেমেয়েদের লেখাপড়া করাতে না পারলেও আগ্রহ থাকায় আরিফাকে পড়ানোর চেষ্টা করছি।’
আরিফা বলে, ‘সে লেখাপড়া শিখে শিক্ষক হতে চায়। তার গরিব বাবা-মা তাকে আরও অনেক দূর পড়াতে চায়, তার নিজেরও পড়ার আকাঙ্ক্ষা আছে।’
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দীন বলেন, এ ধরনের অদম্য মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সমাজের ধনাঢ্য শ্রেণির মানুষকে এগিয়ে আসা উচিত। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেয়ে অনেক প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা না হয়ে সম্পদ হয়েছেন, আরিফাও তাদের একজন হতে চায়।