পা দিয়ে লিখে পরীক্ষা!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের জসীম মাতুব্বর (১৪) পা দিয়ে লিখে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিচ্ছে। তিন বছর আগে সে এভাবে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় পাস করে।
জন্মলগ্ন থেকে জসীমের দুটি হাত নেই। কিন্তু এ প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি।
জসীম তালমা নাজিমুদ্দিন উচ্চবিদ্যালয়ে পড়ে। চার ভাই ও এক বোনের মধ্যে জসীম বড়।
এলাকার কয়েকজন বলেন, জসিম হতদরিদ্র পরিবারের ছেলে। তাদের শুধু তিন শতকের বসতভিটা রয়েছে। বাবা হানিফ মাতুব্বর দিনমজুরি করে সংসার চালান। জসিম প্রতিবন্ধী ভাতা হিসেবে মাসে পাঁচ শ টাকা করে সরকারি সাহায্য পায়।
জসীমের জেএসসি পরীক্ষার কেন্দ্র মনোহরপুর দাখিল মাদ্রাসা। বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব ছয় কিলোমিটার। গতকাল মঙ্গলবার সে একটি অটোরিকশা ভাড়া করে বাবার সঙ্গে পরীক্ষা দিতে যায়। এদিন এ কেন্দ্র পরিদর্শনে যান জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। তিনি জসীমকে দেখে বাড়ি থেকে কেন্দ্রে আনা-নেওয়া করতে একটি অটোভ্যান দেওয়ার জন্য নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজকে নির্দেশ দেন।
কেন্দ্রের দুই নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, কক্ষের মাঝামাঝি স্থানে চারপেয়ে একটি টেবিলের ওপর বসে ডান পায়ের বুড়ো আঙুলসহ দুই আঙুলে কলম ধরে লিখছে জসীম। গতকাল বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল।
তিন বছর আগে পা দিয়ে লিখেই পিইসি পরীক্ষা দিয়েছিল জসীম। এ নিয়ে ২০১৩ সালের ২১ নভেম্বর প্রথম আলোয় ‘শেখাতে চায় জসীম’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এটি ছাপা হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জসীমের পরিবারকে ২৬ শতক খাসজমি দেওয়া হয়। সেবার পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ২৫ পেয়ে পাস করে জসীম।
জসীম জানায়, সে তার মায়ের উৎসাহে পড়াশোনা শুরু করে। তাকে পায়ে চামচ ধরে খাওয়া শিখিয়েছেন দাদি রওশনারা বেগম। আর পা দিয়ে লেখা শিখিয়েছেন কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। সে বড় হয়ে চিকিৎসক হতে চায়।
জসীমের মা তছিরন বেগম বলেন, জসীম সব কাজ নিজেই করতে চায়। ফুটবল ও ক্রিকেট খেলতে পারে। গলার সঙ্গে চেপে ধরে শিশুদের কোলে নিতে পারে। সে মুঠোফোন থেকে ফোন করতে পারে। কৌশলে মাছও ধরতে পারে।
তালমার নাজিমুদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, ‘জসীম পড়াশোনায় ভালো। সহজেই মনে রাখতে পারে। ওর প্রতিদিনের পড়াশোনার ব্যাপারে আমি খোঁজ নেই।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বলেন, ‘ফরিদপুরে বিশেষ ব্যবস্থাপনায় জসীম একাই পরীক্ষা দিচ্ছে। দুটি হাত না থাকা সত্ত্বেও লেখাপড়ার প্রতি জসীমের অদম্য স্পৃহা আমাকে মুগ্ধ করে।’