পা দিয়ে লিখে পরীক্ষা
‘জন্ম থেকে মেহেদীর হাত দুইডা অবশ। আমরা ভাবছিলাম ও লেহাপড়া বা কাজ করবার পারব না। কিন্তু মেহেদী আমাগো হেই ভুল ভাইঙ্গা দিছে। ওর বয়সী পাড়ার অন্য পোলাপানেরা যহন লেহাপড়া শুরু করে, মেহেদীও পা দিয়াই লেহার অভ্যাস আয়ত্ত কইরা ফালায়।’কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের মাধববাড়ী গ্রামের প্রতিবন্ধী মেহেদী হাসানের মা হোসনে আরা বেগম। অদম্য ইচ্ছাশক্তি দিয়ে মেহেদী জয় করেছে প্রতিবন্ধিতাকে। এবার সে টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন পরীক্ষাকেন্দ্রে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে ধনবাড়ী উপজেলার মমতাজ আলী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। মেহেদী বলে, তার পরীক্ষা খুব ভালো হচ্ছে। পরবর্তী পরীক্ষাগুলোও ভালো হবে বলে তার আশা। কখনোই নিজেকে প্রতিবন্ধী বলে মনে হয় না। তার স্বপ্ন, উচ্চশিক্ষা নিয়ে ভালো চাকরি করার। সে জানায়, ভবিষ্যতে প্রতিষ্ঠিত হলে প্রতিবন্ধীদের চিকিৎসার সহযোগিতায় হাত বাড়াবে। মেহেদীর বাবা মোজ্জামেল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মা হোসনে আরা গৃহিণী। তিন ভাই দুই বোনের মধ্যে মেহেদী দ্বিতীয়। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, মেহেদী বরাবরই মেধাবী। এই বিদ্যালয় থেকে ৪৯ জন এসএসসি পরীক্ষা দিচ্ছে। নির্বাচনী পরীক্ষায় ওর অবস্থান ছিল দশের মধ্যে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, দরিদ্র পরিবারের সন্তান মেহেদী সহযোগিতা পেলে ভবিষ্যতেও লেখাপড়া চালিয়ে যেতে পারবে। মেহেদীর বাবা মোজাম্মেল হক জানান, জন্মের এক মাস পর মেহেদীকে ঢাকায় নিয়ে নয় মাস চিকিৎসা দেওয়া হয়। এতে কিছুটা ভালো হলেও অর্থাভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। পা দিয়েই লেখাসহ অন্যান্য কাজ করে মেহেদী।