পা দিয়ে লিখে পাস করেছে জসীম
পা দিয়ে লিখে পরীক্ষায় পাস করেছে ফরিদপুরের জসীম মাতুব্বর। সে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় ৩ দশমিক ২৫ নম্বর পেয়ে বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। গতকাল সোমবার এ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জসীম মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সে তালমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পিএসসি পরীক্ষায় অংশ নেয়।
জন্মলগ্ন থেকেই জসীমের দুটি হাত নেই। তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বর ও তাছিরন বেগমের ছেলে জসীম। ওরা চার ভাই ও এক বোন। জসীম সবার বড়। তার মায়ের উৎসাহেই পড়াশোনা শুরু করে। তবে পায়ে চামচ ধরে খাওয়া শিখিয়েছেন দাদি রওশনারা বেগম। আর পা দিয়ে কলম ধরে লেখার কাজ শিখিয়েছেন কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
জসীম মাতুব্বর বলে, ‘আরও ভালো হবে বলে আশা করেছিলাম। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। ভবিষ্যতে আরও ভালো করব। আমি একজন শিক্ষক হব।’
ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, প্রশাসন থেকে জসীমের বই কেনা থেকে শুরু করে পড়াশোনার জন্য সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
গত ২১ নভেম্বর প্রথম আলোয় ‘শেখাতে চায় জসীম’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।