পা দিয়ে লিখেই পরীক্ষা

জন্ম থেকেই হাত দুটি অচল চান মিয়ার। হাত অচল হলেও পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ তার। তাই তো পা দিয়ে লিখে পড়াশোনা চালিয়ে যাচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এ শিশু। সে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) দিচ্ছে।
চান মিয়া ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী। উপজেলা সদরের ঘাটাইল সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে সে। বাড়ি উপজেলার গারট্র গ্রামে। বাবা ফজলুল হক দুবাইপ্রবাসী।
পরিবার জানায়, জন্মপ্রতিবন্ধী হলেও চান মিয়ার প্রতি যত্নের কমতি নেই মা রত্না ও বাবা ফজলুলের। ছেলেকে শিক্ষিত করতে তাঁরা ভর্তি করান বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ে। প্রতিদিন ছেলেকে এতটা পথ আনা-নেওয়া করেন মা। তিনি বলেন, ‘ছেলে প্রতিবন্ধী হলেও তাকে আমি আর দশটি ছেলেমেয়ের মতো লেখাপড়া করিয়ে স্বাবলম্বী করতে চাই। সে যেন সমাজের বোঝা না হয়। ওর লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ। ওর বাবাও ওকে লেখাপড়ায় খুব উৎসাহ দেয়।’
ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দৃষ্টিপ্রতিবন্ধী রফিকুল বারী খান বলেন, চান মিয়া অনেক মেধাবী। সে নিয়মিত স্কুলে আসত। সেসহ চারজন এ বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে।
ঘাটাইল আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুবি খান বলেন, চান মিয়া পরীক্ষায় ২০ মিনিট বাড়তি সময় পাবে।
পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, চান মিয়ার পরীক্ষা নির্বিঘ্ন করতে পৃথক কক্ষের ব্যবস্থা করা হয়েছে। তার বাড়তি যত্নও নেওয়া হচ্ছে।