পা পচে যাচ্ছে সাত্তারের মন নেই চিকিৎসকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশাচালক আবদুস সাত্তার l ছবি: প্রথম আলো
রিকশাচালক আবদুস সাত্তার l ছবি: প্রথম আলো

‘ডাক্তার সাব, আমার পা’টা একটু কেটে দেন, পচন যে আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। এত দিন হাঁটুর নিচে কাটলেই হতো, এখন তো পচন হাঁটু পর্যন্ত চলে এসেছে। আপনারা দ্রুত পা কাটার ব্যবস্থা না করলে আমি যে আর বাঁচবই না।’
এ আর্তি ঝিনাইদহ সদর হাসপাতালের বারান্দার মেঝেতে পড়ে থাকা রিকশাচালক আবদুস সাত্তারের (৫৫)। চিকিৎসক বা সেবিকা কাউকে দেখলেই এভাবে আকুতি জানাচ্ছেন তিনি। গত ১৫ দিনে হাসপাতাল কর্তৃপক্ষ ১১ বার তারিখ দিলেও অস্ত্রোপচার হয়নি সাত্তারের পায়ে। তাঁর দিকে একটু মনোযোগ দেওয়ার সুযোগ হচ্ছে না চিকিৎসকদের।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন সেবিকা প্রথম আলোকে বলেন, এখানে তদবির ছাড়া অস্ত্রোপচারের মতো কাজ করানো কঠিন। চিকিৎসকেরা তাঁদের ব্যক্তিগত ক্লিনিকে অস্ত্রোপচারে আগ্রহী। যে কারণে সাত্তারের এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাঁকে যখন ভর্তি করা হয়েছিল, তার পায়ের পচন আরও অনেক নিচে ছিল।
আবদুস সাত্তার ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার বাসিন্দা। সম্প্রতি তাঁর স্ত্রী মারা যান। বড় ছেলে সবুজ হোসেন (২৩) রিকশা চালান। পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই। রিকশাচালক সাত্তারের জামাতা মনিরুল ইসলাম বলেন, দুই মাস আগ থেকে তাঁর শ্বশুরের বাঁ পায়ে বোধশক্তি লোপ পেতে থাকে। এরপর তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুদিন চিকিৎসার পর পায়ে পচন শুরু হয় এবং পচন দ্রুত ছড়িয়ে যেতে থাকে। তখন চিকিৎসকেরা জানান, তাঁর পা কেটে বাদ দিতে হবে। এ জন্য হাসপাতালে ভর্তি হতে হবে।
মনিরুল ইসলাম বলেন, ১৭ জুন শ্বশুর সাত্তারকে হাসপাতালে ভর্তি করানো হয়। জায়গা হয় বারান্দার মেঝেতে। ১৮ জুন অস্ত্রোপচারের তারিখ দেওয়া হয়। অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হলেও অস্ত্রোপচার না করে ফেরত দিয়ে বলা হয়, অবেদনবিদ না থাকায় আজ হলো না। আগামীকাল করা হবে। এভাবে এ পর্যন্ত মোট ১১ বার দিন দেওয়া হয়েছে, কিন্তু অস্ত্রোপচার হয়নি।
এ ব্যাপারে হাসপাতালের সার্জিক্যাল বিভাগের প্রধান চিকিৎসক জাহিদুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, প্রথমত অবেদনবিদ কয়েক দিন ছুটিতে থাকায় একটু দেরি হয়েছে। তা ছাড়া অপারেশনের রোগীর ভিড়ও অনেক। যেকোনো দিন অপারেশন হয়ে যাবে।
এত দিন অস্ত্রোপচার না করার পেছনে রোগীর দরিদ্র হওয়ার বিষয়টি কারণ নয় বলেও মন্তব্য করেন চিকিৎসক জাহিদুর রহমান। এদিকে অবেদনবিদ চিকিৎসক আবদুর রহমান বলেন, তিনি ছুটিতে থাকলেও তাঁর স্থলে চিকিৎসক রতন পাল দায়িত্বে ছিলেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাশেদ আল মামুন চিকিৎসকদের কোনো অবহেলা নেই দাবি করে বলেন, ‘রোগীর হার্টের সমস্যা থাকায় একটু সমস্যা হয়েছে। তবে দ্রুতই তাঁর অপারেশন হবে।’