কোথাও কোথাও হাঁটুপানি। জায়গায় জায়গায় বড় বড় ঘাস। কাদা এড়াতে মাঝেমধ্যে ইট-সুরকি ফেলা হয়েছে। কিন্তু কাজ হয়নি। কর্দমাক্ত হয়ে আছে গোটা বাসস্ট্যান্ড।
বর্ষা মৌসুমে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ডের নিয়মিত দৃশ্য এটি। সামান্য বর্ষণেই জলাবদ্ধ আর কর্দমাক্ত হয়ে ওঠে এই স্ট্যান্ডটি। ভোগান্তির শেষ নেই শিক্ষার্থীদের।
গত রোববার দুপুরে বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দুই দিনের বৃষ্টিতে বাসস্ট্যান্ডের অধিকাংশ জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাকি জায়গা কর্দমাক্ত। ফলে হাঁটাচলার কোনো উপায় নেই। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে থেকে দ্বিতীয় প্রশাসনিক ভবন পর্যন্ত বাসস্ট্যান্ডের ভেতরের মূল সড়কটির বেশির ভাগই ডুবে আছে পানিতে। অগ্রণী ব্যাংকের সামনে বাসস্ট্যান্ডের অংশে জন্মানো ঘাসগুলো ঢেকে আছে কাদাপানিতে। বাসস্ট্যান্ডের ভেতর একদিক থেকে অন্যদিকে কাদা না ডিঙিয়ে যাওয়ার উপায় নেই। সেই কাদাপানি মাড়িয়ে বাসে উঠছেন শিক্ষার্থীরা।
কথা হয় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ডলি সাহার সঙ্গে। তিনি বলেন, একটু বৃষ্টি হলেই বাসস্ট্যান্ডটির চিত্র পাল্টে যায়। তখন দাঁড়ানোর অবস্থাও থাকে না। কাদাপানি মাড়িয়ে বহু কষ্টে বাসে উঠতে-নামতে হয়। অনেক সময় কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। সেই অবস্থাতেই ক্লাস করতে হয়।
আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কায়কোবাদ আল মামুন বলেন, বর্ষাকাল এলেই এই দুর্গতি। বাস থেকে নামতে গেলেই কাদাপানিতে পা দিতে হয়। প্রথম বর্ষ থেকেই এটা দেখে আসছি। কিন্তু কোনো উন্নতি নেই।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান বলেন, ‘বিষয়টি জানিয়ে আমরা একাধিকবার প্রকৌশল দপ্তরকে চিঠি দিয়েছি। কিন্তু কোনো সমাধান হয়নি। এবার প্রাথমিকভাবে রাবিশ (ইট-সুরকি) ফেলে জলাবদ্ধতা ও কর্দমাক্ততা দূর করার চেষ্টা চলছে। কিন্তু সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে পুরো বাসস্ট্যান্ড পাকা করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনির বলেন, সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে বাসস্ট্যান্ড সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগেই এ উদ্যোগ গ্রহণ করা হলেও কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে তা স্থগিত হয়ে যায়। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।