কামরাঙ্গীরচরের ছাতা মসজিদ সড়কে ঢুকতেই নাকে লাগে গাঁজার উৎকট গন্ধ। সহজেই বোঝা যায়, আশপাশে কোথাও গাঁজা সেবন হচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, শুধু ছাতা মসজিদই নয়, কামরাঙ্গীরচরের অনেক এলাকায় মাদক সেবন নিয়ে কোনো রাখঢাক নেই। উঠতি বয়সের ছেলেরা দ্রুত আসক্ত হচ্ছে।
মাদকের অপব্যবহারের ব্যাপারে এলাকার জনপ্রতিনিধিরাও উদ্বিগ্ন। ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কামরাঙ্গীরচরের প্রতিটি অলিগলিতে ইয়াবা বড়ি ও গাঁজা প্রকাশ্যে বিক্রি করা হয়। তা নিয়ন্ত্রণ করতে সবাইকে হিমশিম খেতে হচ্ছে। এর সঙ্গে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জড়িত। এভাবে চলতে থাকলে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে কামরাঙ্গীরচর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় অভিযোগ দেওয়ার পরও কাজ হয় না। উল্টো মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছেন পুলিশের কয়েকজন সদস্য। ফলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য ক্রমান্বয়েই বাড়ছে। আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত বলেও বাসিন্দারা অভিযোগ করেছেন৷
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, কামরাঙ্গীরচরের ছাতা মসজিদ রোডের বুড়িগঙ্গা নদীর পাড়ে গাঁজা সেবন করছেন চার যুবক। এই স্থানে পথচারীদের চলাচল নেই। অবশ্য এলাকার সড়কে ‘মাদককে না বলুন’ স্লোগান-সংবলিত পোস্টার লাগিয়েছেন ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম। এ ছাড়া আশ্রাফাবাদ, মাদবর বাজার, আচারওয়ালা ঘাট, চান মসজিদ, ঝাউচর, পশ্চিম নবীনগর, মুসলিমবাগ, পূর্ব রসুলপুর, পশ্চিম রসুলপুর, মধ্য রসুলপুর, বড়গ্রাম প্রধান সড়কের বিভিন্ন গলি ও ড্রেনে ফেনসিডিলের বোতল পড়ে থাকতে দেখা গেছে।
আশ্রাফাবাদের বাসিন্দা জামিল আহমেদ বলেন, নৌপথে যাতায়াত সহজ হওয়ায় কামরাঙ্গীরচরকে ঘাঁটি হিসেবে বেছে নিয়েছেন মাদক ব্যবসায়ীরা। সন্ধ্যার পরই অলিগলিতে বিভিন্ন প্রকার মাদক বিক্রি হয়। কামরাঙ্গীরচর থেকে প্রতিদিন রাতে লালবাগ, চকবাজার, হাজারীবাগসহ রাজধানীর বিভিন্ন স্থানে মাদক যায়।
প্রধান সড়কসহ গলিগুলোতে বাতি না থাকায় মাদকসেবীদের ভয়ে রাতে কেউ বাসা থেকে বের হন না বলে অভিযোগ করেন পূর্ব রসুলপুরের বাসিন্দা আকবর আলী। তিনি বলেন, মাদকসেবী ও বখাটেদের উৎপাতে মানুষ অতিষ্ঠ।
৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কামরাঙ্গীরচর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দলীয় পরিচয় থাকায় থানা-পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। উল্টো রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে পুলিশ।
জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম প্রথম আলোকে বলেন, গত মাসে থানায় মামলা হয়েছে মোট ৩০টি, এর মধ্যে ২৬টিই মাদকের। এ ছাড়া ৪০ থেকে ৫০ জন মাদকসেবী ও বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। কিন্তু থানায় পর্যাপ্ত পুলিশ না থাকায় কাজ করা কঠিন। তিনি বলেন, পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মাদকসেবীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। পরে তাঁদের বদলি করে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা ও মাদকসেবী জানিয়েছেন, নাদিম আহমেদ ও সিরাজ তালুকদার নামের দুই ব্যক্তি পুরো কামরাঙ্গীরচরের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। এই দুজনের সহযোগী হিসেবে আছেন ফারুক আহমেদ, ইমরান, তানিয়া, বাবু দেওয়ান, বারেক, কোরবান, নাদিম ও কবির হোসেন। তাঁদের অধীনে প্রায় ৪০ জনের একটি দল মাঠে কাজ করে।