পা হারাতে হতে পারে শিশু সোহানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে সোহান নামের ১৫ মাস বয়সের এক শিশু ভুল চিকিৎসার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক ‘হাতুড়ে চিকিৎসক’ ত্রুটিপূর্ণভাবে তার ডান পায়ে ইনজেকশন দেওয়ায় পা ফুলে অনুভূতিহীন হয়ে পড়েছে। পরিবারের আশঙ্কা, সোহানের পা হয়তো নষ্ট হয়ে যেতে পারে।শিশু সোহান গুরুদাসপুর পৌরসভার গাড়িষাপাড়া মহল্লার দিনমজুর মোমিন আলীর ছেলে। তার মা শেলী প্রথম আলোকে বলেন, কয় দিন ধরে তাঁর ছেলে সর্দিজ্বরে ভুগছিল। গত সোমবার শহরের চাঁচকৈড় বাজারের চিকিৎসক এ এস আজাদের কাছে নিয়ে যান। সোহান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানান আজাদ। তিনি সোহানের ডান পায়ে ফেনারগান ইনজেকশন দেন। এ ছাড়া কিছু সিরাপ লিখে দেন। কিন্তু ইনজেকশন দেওয়ার পর থেকেই সোহান যন্ত্রণায় ছটফট করে। সমানে কাঁদতে থাকে সে। পরে তার পা ফুলতে থাকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোহানকে আবারও চিকিৎসক আজাদের কাছে নেওয়া হয়। কিন্তু এ সময় সোহানের মা শেলী ও বাবা মোমিনের সঙ্গে আজাদ দুর্ব্যবহার করে তাঁদের চেম্বার থেকে বের করে দেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে আজাদের চেম্বার ঘেরাও করে। পরে আজাদ ওই শিশুটির উন্নত চিকিৎসার দায়ভার নেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।গতকাল শুক্রবার সোহানকে স্থানীয় দুটি ক্লিনিকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান আজাদ। বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিশু সোহানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন।একটি ক্লিনিকে চিকিৎসা দিতে আসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সেলিম খান বলেন, জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার না করা ও ত্রুটিপূর্ণ উপায়ে ইনজেকশন দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। সোহানের আরও পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদের বাড়ি গুরুদাসপুর সদরে। তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনা তেমন করেননি।আজাদের দাবি, তিনি এইচএসসি পাস করেছেন। পরে চিকিৎসার ওপর ডিপ্লোমা করেছেন।আজাদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছেন। কোনো সমস্যা হয়নি। শিশু সোহানের এ ঘটনা একটি দুর্ঘটনা। সোহানের উন্নত চিকিৎসার যাবতীয় সহযোগিতা দেবেন তিনি।