
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে ফাইলা পাগলার মেলায় বোমা হামলার ১৪ বছর পার হলো গতকাল মঙ্গলবার। এবার ৭ জানুয়ারি মেলা শুরু হয়েছে। চলবে আরও পাঁচ দিন—আগামী রোববার পর্যন্ত।
|২০০৩ সালের ১৭ জানুয়ারি রাত নয়টার দিকে ওই মেলায় পরপর দুটি বোমা হামলায় মাজারের খাদেম আবদুল গণিসহ আটজন নিহত ও ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে পা হারানো পঞ্চম শ্রেণির ছাত্র মো. রবিন এখন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র।
মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় এস এ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ১৯৬০ সাল থেকে দাড়িয়াপুর পাহাড়ে ফালু চান শাহ ওরফে ফাইলা পাগলার মাজারকে কেন্দ্র করে মেলা বসছে। ২০০৩ সালের বোমা হামলায় নিহত আবদুল গণির ছেলে মজনু মিয়া দাড়িয়াপুর গ্রামের ছানোয়ার হোসেনসহ ১১ জনকে আসামি করে মামলা করেন। ২০০৮ সালে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ওই হামলার দায় স্বীকার করলে মামলাটি ভিন্ন মোড় নেয়। পরে উচ্চ আদালত থেকে ছানোয়ার হোসেনসহ ওই ১১ জন আসামি খালাস পান।
মামলার বাদী মজনু মিয়া বিদেশে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তাঁর ভাই মফিজ মিয়া বলেন, ওই সময় জেএমবির অস্তিত্ব সারা দেশে প্রকাশ না পাওয়ায় মাজারের জমি নিয়ে বিরোধ থাকায় ছানোয়ারকে সন্দেহ করে আসামি করা হয়।
ছানোয়ার হোসেন বলেন, ‘ওই মামলায় আমরা আর্থিক ও মানসিকভাবে নিঃস্ব হয়ে পড়েছি। মামলা চলার পাঁচ বছর পর জেএমবি দায় স্বীকার করলে তখন বাদী বুঝতে পারেন আমরা নির্দোষ ছিলাম।’ তিনি সরকারের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন।
ওই বোমা হামলায় এক পা হারিয়েছিলেন মাজারের পূর্ব পাশের বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মো. রবিন। তিনি তখন পঞ্চম শ্রেণিতে পড়তেন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র।
রবিনের মা রুবি আক্তার বলেন, ‘ওই রাতের দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারি না। ছেলের চিকিৎসার পেছনে ওই সময়ে দেড় লাখ টাকা খরচ হয়েছে। কেউ আমাদের পাশে তখন দাঁড়ায়নি।’
গতকাল মো. রবিন মুঠোফোনে বলেন, ‘পা হারিয়ে বছর দশেক আমি ক্রাচে ভর করে চলতাম। বছর চারেক ধরে কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করছি। ওই রাতে আমি মাজারের ফটকের কাছে ছিলাম। হঠাৎ বিকট শব্দে বোমার আঘাতে আমি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এখনো ওই রাতের কথা মনে পড়লে বুক কাঁপে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ওই হামলার কথা ভেবে এবার মেলায় বাড়তি ব্যবস্থা নিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।