পা হারালেও মনোবল অটুট সাবরিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে আক্রান্ত হয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার স্কুলছাত্রী সাবরিনা আক্তারের একটি পা কেটে ফেলতে হয়েছে। এখনো তার চিকিৎসা চলছে। কেমোথেরাপি নিতে প্রতি মাসেই ঢাকা যাচ্ছে সে। তবে মনোবল হারায়নি সাবরিনা। লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এসএসসি পরীক্ষায় সে ভালো ফল করতে চায়।
সাবরিনা নলছিটি উপজেলার বাড়ৈকরণ গ্রামের কৃষক আবদুল কাদের মিয়ার মেয়ে। তিন ভাইবোনের মধ্যে সে সবার ছোট। সাবরিনা সদর উপজেলার ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
সাবরিনার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব চার কিলোমিটার। মাঝে ট্রলারে পার হতে হয় সুগন্ধা নদী। দুই বছর আগে বর্ষাকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলারঘাটে পিছলে পড়ে সে পায়ে ব্যথা পায়। কিছুদিন পর পায়ের ব্যথা তীব্রতর হতে থাকে। গত বছর তার ক্যানসার ধরা পড়ে। গত ১ ফেব্রুয়ারি ঢাকার ক্যানসার হাসপাতালে অস্ত্রোপচার করে তার ঊরু থেকে বাঁ পা কেটে ফেলা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সামনে প্রতি মাসে একটি করে কেমোথেরাপি দিতে হবে।
সদর উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় নানার বাড়িতে কথা হয় সাবরিনার সঙ্গে। মনে পা হারানোর বেদনা, মুখে ক্লান্তির ছাপ। তবে এর মধ্যেই সে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।
সাবরিনার বাবা আবদুল কাদের বলেন, সাবরিনার চিকিৎসার জন্য এ পর্যন্ত ৪ লাখ টাকা খরচ হয়েছে। জমি ও গাছ বিক্রি করতে হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রীরা টাকা তুলেছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। প্রতিটি কেমোথেরাপিতে ২৫ হাজার টাকা খরচ হচ্ছে। আরও প্রায় ৫ লাখ টাকা লাগবে। চিকিৎসার জন্য সচ্ছল ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন।