পাঁচ অদম্য মেধাবীকে ল্যাপটপ দিলেন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর আলোচিত পাঁচ অদম্য মেধাবীর প্রত্যেকের হাতে উপহার হিসেবে একটি করে ল্যাপটপ তুলে দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল রোববার সকালে তিনি এসব উপহারসামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে নাটোর-১ আসনের সাংসদ মো. আবুল কালাম, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম, নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী জুনাইদের হাত থেকে উপহার গ্রহণ করে অদম্য মেধাবী মিতু খাতুন, শিল্পী বেগম, আশামণি, মলি রানী ও মৃন্ময় কুমার।

প্রথম আলোতে গত ১০ মে মিতু খাতুনকে নিয়ে ‘তবু ওরা হার মানেনি’, ৩ জুন (অনলাইন) মা শিল্পী বেগম ও মেয়ে আশামণিকে নিয়ে ‘দরিদ্রতা ডিঙিয়ে মা-মেয়ের জিপিএ-৫’ এবং ১৪ মে স্বপ্ন নিয়ে পাতায় ‘ছেলেকে পড়াতে পড়াতে মা-ও পড়লেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে প্রতিমন্ত্রী জুনাইদ তাদের ল্যাপটপ উপহার দেওয়ার মধ্য দিয়ে সম্মাননা জানাবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, নিজের জন্য ও দেশের জন্য যারা দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জ্ঞান অন্বেষণে এগিয়ে যাচ্ছে, তাদের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিভৃত গ্রামবাংলার এসব অদম্য মেধাবীর সংগ্রামের কথা তুলে ধরে প্রথম আলো ঠিক কাজটিই করে যাচ্ছে। পেশাগত দায়িত্বের পাশাপাশি পত্রিকাটি সামাজিক দায়িত্ব পালন করছে। পত্রিকার খবর পড়ে দানশীল মানুষেরা এসব অদম্যের পাশে দাঁড়াচ্ছেন, এমনটা জানতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি প্রথম আলোর এই ভূমিকার জন্য উপস্থিত সবাইকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর আহ্বান জানান।

উপহার হাতে পেয়ে অদম্য মেধাবীরাও প্রথম আলো ও প্রতিমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।