যুক্তরাজ্যের বেনফ্লিট শহরে সম্প্রতি পাঁচজন বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছেন ব্রিটিশ সীমান্তরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তারা। শহরটির একটি রেস্তোরাঁ থেকে তাঁদের আটক করা হয়। পাঁচজনের মধ্যে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশকারী ৩০ এবং ৩১ বছর বয়সী দুজনকে ইতিমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন কর্মকর্তারা বলেন, ওই অভিবাসীরা বেনফ্লিট তান্দুরি নামে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। তাঁদের যুক্তরাজ্যে কাজ করার বৈধতা নিয়ে গরমিল থাকার সন্দেহে এলাকাবাসীর কেউ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে অভিযান চালিয়ে ওই অভিবাসীদের আটক করা হয়। অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করা দুজন ছাড়া বাকি তিনজনের অভিবাসনের বিষয়টি এখনো মীমাংসিত হয়নি। সে কারণে তাঁদের কাজ করার অনুমতি নেই। ওই তিনজনকে রেস্তোরাঁ থেকে নিয়ে যাওয়া হয়। এখন থেকে বৈধতার বিষয়টি নিষ্পন্ন না হওয়া পর্যন্ত নিয়মিত তাঁদের অভিবাসন কর্তৃপক্ষের কাছে হাজিরা দিতে হবে। ডেইলি ইকো