পটুয়াখালীর টাউন বহালগাছিয়া এলাকার ভাড়ায় মোটরসাইকেল চালক মামুন মুন্সি (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বাউফল উপজেলার আতশখালী ও সদর উপজেলার ভুড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভুড়িয়ার একটি খাল থেকে মামুনের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন বাউফলের আতশখালী গ্রামের মোশারেফ (২৫), মনির (২৬), সদর উপজেলার ভুড়িয়া গ্রামের জিহান (৩০), হাবিব (৩৫) ও লোহালিয়া গ্রামের সোলাইমান হাওলাদার (৩৫)।সদর থানার কালিকাপুর ইউনিয়নের টাউনবহালগাছিয়া গ্রামের মামুন পটুয়াখালী-বাউফল সড়কে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত বছরের ২৫ ডিসেম্বর থেকে মামুন মোটরসাইকেলসহ নিখোঁজ ছিলেন।ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিকী জানান, মোটরসাইকেল ভাড়া নিয়ে বিরোধের জের ধরে মামুনকে খুন করা হয় বলে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন।