পাঁচ অভিযোগ প্রমাণিত, গ্রিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার
যৌন হয়রানি, আর্থিক অনিয়ম ও দুর্নীতিসহ অন্তত পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গত বুধবার প্রথম আলোকে বলেন, গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূতকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর মহাপরিচালক (প্রশাসন) আল্লামা সিদ্দিকীর সই করা চিঠিতে গোলাম মোহাম্মদকে ঢাকায় বদলির কথা বলা হয়েছে। তাঁকে ১৫ অক্টোবরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।
এ নিয়ে অসদাচরণ, দুর্নীতিসহ নানা অভিযোগে গত পাঁচ বছরে অন্তত ছয়জন পেশাদার কূটনীতিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবশ্য একই সময়ে চারিত্রিক স্খলনের অভিযোগ কিংবা কূটনৈতিক শিষ্টাচারবর্জিত কর্মকাণ্ড করেও পার পেয়েছেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া একাধিক রাষ্ট্রদূত।
কূটনৈতিক সূত্র জানায়, গ্রিসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত এক গ্রিক নারী গোলাম মোহাম্মদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তিনি রাষ্ট্রদূতের অনৈতিক আচরণের বিষয়টি গ্রিসে আইওএম মিশন প্রধানকে জানান। আইওএম মিশন প্রধান এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ ছাড়া গোলাম মোহাম্মদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সরকার ও দূতাবাসের ভাবমূর্তিবিরোধী কর্মকাণ্ড, আর্থিক ও প্রশাসনিক অনিয়ম এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সরকার গত ৯ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দলকে গ্রিসে পাঠায়। গ্রিসে ছয় দিন অবস্থানকালে তদন্ত দল সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে পাঁচটি বিষয়ে অভিযোগের সত্যতা পায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাম মোহাম্মদের বিরুদ্ধে সরকার এবং সরকারদলীয় নেতাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। যৌন হয়রানির অভিযোগটিকে রাষ্ট্রদূত স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বলে চালাতে চেয়েছিলেন। কিন্তু তাঁর মুঠোফোনের কললিস্ট পরীক্ষা করে এবং বিভিন্নজনের সঙ্গে কথা বলে তদন্ত দলের মনে হয়েছে, তিনি অভিযোগকারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন। রাষ্ট্রদূতের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের পাশাপাশি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার এবং কনস্যুলার কার্যক্রম পরিচালনায় দুর্নীতি ও ব্যর্থতা খুঁজে পেয়েছে তদন্ত দল। তিনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং সরকার ও দূতাবাসের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এমনকি তদন্তকাজে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য সরকারের কাছে অন্যের মাধ্যমে ই-মেইল পাঠিয়েছেন। গত জুনে গ্রিসের নিয়ামানোলদায় একটি স্ট্রবেরি খামারে বকেয়া বেতনের দাবি জানানো ৩৫ অবৈধ বাংলাদেশি শ্রমিক মালিকপক্ষের গুলিতে আহত হন। মানবিক কারণে পরে তাঁদের বৈধতা দেয় গ্রিস সরকার। তাঁদের দেখভালের ব্যাপারে রাষ্ট্রদূত যে প্রয়োজনীয় পদক্ষেপ নেননি, তা তদন্ত দলের কাছে প্রমাণিত হয়েছে।
সূত্র জানায়, এই পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত দল রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদকে ঢাকায় ফিরিয়ে আনাসহ চারটি সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে। সাবেক পররাষ্ট্রসচিবসহ কয়েকজন কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় ফিরিয়ে আনার পর অধিকতর তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া গেলে এ ধরনের অভিযোগ বন্ধ হতো, দেশের ভাবমূর্তির জন্য তা শুভকর হতো।
দূতাবাসের কার্যক্রম পরিচালনায় ব্যর্থতা ও ব্যক্তিগত অসদাচরণের জন্য জুলাইয়ে লেবাননে রাষ্ট্রদূত গাউসুল আজম সরকারকে, যৌন নিপীড়নের অভিযোগে ২০১১ সালে জাপানে নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূত মুজিবর রহমান ভূঁইয়াকে, ব্যাপক আর্থিক অনিয়ম ও দূতাবাস পরিচালনায় ব্যর্থতার অভিযোগে ২০১২ সালে ফিলিপাইনে নিযুক্ত রাষ্ট্রদূত মাজেদা রফিকুননেসাকে এবং গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ২০১৩ সালে জার্মানি থেকে রাষ্ট্রদূত মসউদ মান্নানকে ফিরিয়ে আনা হয়। অনৈতিক কর্মকাণ্ড এবং নিয়মানুযায়ী রাষ্ট্রপতির অনুমতি না নিয়ে বিদেশিকে বিয়ে করায় ২০১০ সালে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসিব আজিজকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। দীর্ঘদিন তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রাখার পর গত বছর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।