একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এই অভিযোগ গঠন করেন।
এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে ফোরকান মল্লিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হলো। ট্রাইব্যুনাল এ মামলায় আগামী ১৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
গতকাল অভিযোগ গঠনের আদেশে ট্রাইব্যুনাল বলেন, ফোরকান মল্লিকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। এগুলোতে তাঁর বিরুদ্ধে আটজনকে হত্যা, চারজনকে ধর্ষণ, তিনজনকে ধর্মান্তরিত করা, ১৩ পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বাড়িঘর ও দোকানপাটে লুট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনানোর পর আসামির কাঠগড়ায় হাজির ফোরকান মল্লিকের কাছে ট্রাইব্যুনাল জানতে চান, তিনি দোষী না নির্দোষ? ফোরকান মল্লিক নিজেকে নির্দোষ দাবি করেন। পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
৯ ডিসেম্বর ফোরকান মল্লিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। অভিযোগ গঠনের বিরোধিতা করে শুনানি করেন ফোরকানের আইনজীবী আবদুস সালাম খান।
রাষ্ট্রপক্ষ জানায়, ফোরকানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছইলাবুনিয়া গ্রামে। গত ২৫ জুন গোয়েন্দা পুলিশের একটি দল বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ফোরকানকে গ্রেপ্তার করে। ৩ জুলাই তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে কারাগারে আটক রয়েছেন ফোরকান।