আদালতকক্ষে চিৎকার ও আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটনোয় পাঁচ আইনজীবীর প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে আগামী ২ জুলাই সকাল সাড়ে ১০টায় তাঁদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।
পাঁচজন আইনজীবী হলেন নূরে ই আলম উজ্জ্বল, বিল্লাহ হোসেন লিজেন পাটোয়ারী, মাহমুদ, মতি লাল বেপারী ও মোহাম্মদ আলী। কেন আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে গতকাল সোমবার যখন ২৪ নম্বর কক্ষে (অ্যানেক্স) বিচারিক কার্যক্রম পরিচালনা করছিলেন, তখন কিছুসংখ্যক আইনজীবী চিৎকার শুরু করেন, যা এই আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এরপর আইনজীবী নূরে ই আলম উজ্জ্বল, বিল্লাল হোসেন লিজেন পাটোয়ারি, মাহমুদ, মতি লাল বেপারী রফিকুল ইসলাম নামের বেঞ্চ কর্মকর্তার ওপর চড়াও হন, তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এ ছাড়া আইনজীবী মোহাম্মদ আলীসহ কয়েকজন আইনজীবী ডায়াসের পাশে দাঁড়িয়ে বেঞ্চ কর্মকর্তাকে মারতে ও আঘাত করতে উৎসাহ দেন। এমনকি তাঁরা টেবিলে থাকা মামলার রেকর্ডও ছুড়ে ফলতে শুরু করেন। তখন সংলগ্ন চেম্বারে থাকা বিচারকেরা তাঁদের চিৎকারের শব্দ শুনতে পান। আইনজীবীদের এই আচরণ আদালতের মর্যাদা, সম্মান, শ্রদ্ধা, মহিমাকে খাটো করে, যা বিচার প্রশাসনে বাধা। এমনকি আদালত সম্পর্কে মানুষের ধারণাকেও খাটো করেছে। আইনজীবীদের এমন আচরণ আদালত অবমাননার শামিল, যা আইনে শাস্তিযোগ্য। এসব তুলে ধরে ওই আদেশ দেওয়া হয়।