আদালতকক্ষে চিৎকার, নথি ছুড়ে ফেলা এবং বেঞ্চ কর্মকর্তাকে মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ আইনজীবী নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন দাখিল করেছেন। শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০ জুলাই রায়ের জন্য দিন ধার্য করেছেন।
ওই পাঁচ আইনজীবী হলেন নূরে ই আলম, বিল্লাহ হোসেন লিজেন পাটোয়ারী, মাহমুদ (বি এম সুলতান মাহমুদ), মতি লাল বেপারি ও মোহাম্মদ আলী।
আদালতে ওই পাঁচজনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন ও এম বদরুদ্দোজা। এ সময় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন এবং বর্তমান সভাপতি জয়নুল আবেদীন ও সহসভাপতি ওয়াজি উল্লাহ উপস্থিত ছিলেন।
পরে এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, পাঁচ আইনজীবী নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন দাখিল করেছেন। আদালত ২০ জুলাই রায়ের জন্য দিন ধার্য করেছেন। তিনি বলেন, ২ জুলাই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুজনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। অপর তিনজন অব্যাহতি চেয়ে আবেদন করেন, আদালত তাঁদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।
গত ১৯ জুন আদালতকক্ষে নথি ছুড়ে ফেলা এবং বেঞ্চ কর্মকর্তা রফিকুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় সেদিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ পাঁচ আইনজীবীকে ২ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দেন। সেদিন পাঁচ আইনজীবী আদালতে হাজিরা দেন। তাঁদের মধ্যে আবেদনের পরিপ্রেক্ষিতে দুই আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। ২ জুলাই আদালত পাঁচজন আইনজীবীকে লিখিতভাবে হলফনামা আকারে তাঁদের বক্তব্য দাখিল করতে বলে ১০ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি ওঠে।