পাঁচ আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও একজন বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলাম এ-সংক্রান্ত আবেদন মঞ্জুর করেন।
আসামিরা হলেন ফরিদ হোসেন, মো. সাগর, ইলিয়াস হোসেন, সোহেল রানা ও মো. লিটন। রিমান্ড মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি মো. ইমাউল হক।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় অন্তঃসত্ত্বা নাজমা খাতুন গুলিবিদ্ধ হন। গুলি তাঁর পেটের শিশুকেও এফোঁড়-ওফোঁড় করে ফেলে। ওই দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে গৃহবধূ গুলিবিদ্ধ কন্যাশিশুর জন্ম দেন। পরে প্রায় এক মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মা ও শিশু মাগুরায় ফিরেছেন।
গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে ও বোমার আঘাতে গৃহবধূ নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) আহত হয়ে পরে মারা যান। মমিন ভূঁইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমামের চাচা।
এই ঘটনায় গত ২৬ জুলাই মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী-সমর্থক। মামলায় এখন পর্যন্ত নয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্যতম আসামি মেহেদী হাসান ওরফে আজিবর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। আর দুজন আদালতে আত্মসমর্পণ করেছেন।