পাঁচ আসামি রিমান্ডে বিক্ষোভ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিউল ইসলাম হত্যাকাণ্ড
শফিউল ইসলাম হত্যাকাণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার ঘটনায় র‌্যাবের হাতে আটক পাঁচ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার রাজশাহী মহানগর হাকিম আদালত-৩-এর বিচারক শারমিন আক্তার তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
এই পাঁচ আসামি হলেন: রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুবদলের কর্মী আবদুস সামাদ, সিরাজুল ইসলাম, সবুজ ও মামুন।
আদালত সূত্র জানায়, গতকাল দুপুরে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
র‌্যাবের হাতে আটক এই আসামিরা ২৩ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। এরপর তাঁদের রাজশাহীতে এনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য ২৫ নভেম্বর আদালতে হাজির করা হয়। কিন্তু তখন তাঁরা দোষ স্বীকার করেননি। এরপর পাঁচজনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মানববন্ধন: হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। সেখানে বক্তারা বলেন, ‘অধ্যাপক শফিউল হত্যা নিয়ে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। আমাদের রক্তক্ষরণ চলছে। আমরা প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুল হাসান মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফয়জার রহমান প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।