পাঁচ আসামি সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার মাদ্রাসাশিক্ষক শহিদুল ইসলাম হত্যা মামলার পাঁচ আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজন্তি বিশ্বাসের আদালতে গতকাল রোববার পুলিশ রিমান্ডের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল সকালে উপজেলার বাঁশতলা এলাকায় সন্ত্রাসীরা গাজীপুর বন্দর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে (৪৫) কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে ফেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বরিশাল ও পরে ঢাকায় নেওয়ার পথে ওই দিন রাতেই তিনি মারা যান।
এ ঘটনায় নিহত শহিদুলের চাচাতো ভাই মনির হাওলাদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে শহিদুলকে কুপিয়ে পালানোর সময় সাইদুল (১৯), বাহাদুর (২২), ইয়াকুব (৩৩), মাহতাব (৩০) ও কাওসার (৩১) নামের পাঁচজনকে আটক করে আমতলী থানায় সোপর্দ করেন স্থানীয় লোকজন। পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বশির উদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।