বরগুনা সরকারি কারিগরি (ভোকেশনাল) ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর ছাত্র অনিক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সকালে মামলায় গ্রেপ্তার হওয়া ছয় আসামির পাঁচজনকে এই রিমান্ড দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, অনিক অপহরণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন ৬ অক্টোবর আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের শুনানিতে সোহেল খান, রুবেল, নাজমুল হোসেন, মো. সালাউদ্দীন ও বাদল চন্দ্র রায়ের রিমান্ড মঞ্জুর হয়। অপর আসামি হূদয়ের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন বিচারক।
প্রসঙ্গত, বরগুনা শহরের থানাপাড়া এলাকার ব্যবসায়ী সুবল রায়ের ছেলে বরগুনা কারিগরি ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর ছাত্র অনিক রায় গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয়। ৫ অক্টোবর গভীর রাতে গ্রেপ্তার হওয়া সালাউদ্দিনের স্বীকারোক্তির ভিত্তিতে বরগুনা সাবরেজিস্ট্রার কার্যালয়ের সেপটিক ট্যাংক থেকে অনিকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।