চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে প্রায় পৌনে ৩ কোটি ভারতীয় রুপি জব্দের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন শুনানি শেষে আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) জহির হোসেন ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
২১ সেপ্টেম্বর বন্দর চত্বরে একটি কনটেইনার খুলে ২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় ছয়জনকে আসামি করে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।