পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর জিজ্ঞাসাবাদ করবে র্যা ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন শনাক্তের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। র্যা বের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপু শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদি আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, তেলের চালানে কোকেন শনাক্তের মাদক মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত কর্মকর্তা র্যা ব-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী দুই দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১ ফেব্রুয়ারি খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। নুর মোহাম্মদসহ ছয় আসামিকে রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মহিউদ্দিন ফারুকী। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, মুখোমুখি জিজ্ঞাসাবাদে কোকেনের গন্তব্য সম্পর্কে তাঁদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করা হবে।
গত বছরের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের এ চালানটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয় গত ১২ মে। চট্টগ্রামের খাতুনগঞ্জের খানজাহান আলী লিমিটেডের নামে চালানটি আনা হয়। চালানটি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুর মোহাম্মদ দাবি করেন, কেউ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে। এই পণ্য আমদানির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। আমদানি করা তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে ২৭ জুন একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়।