পাঁচ উপজেলার তিন লাখ গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন কেরানীগঞ্জসহ পাঁচটি উপজেলার প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে গত মঙ্গলবার সন্ধ্যায় ১৩২/১৩৩ কেভির সাবস্টেশনে অগ্নিকাণ্ডের পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ওই এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল।এলাকাবাসী জানান, দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, কালিন্দী, মালোপাড়া, গোলামবাজার, পূর্ব আগানগর, কালীগঞ্জ, চুনকুটিয়া, খেজুরবাগ আগানগর, চড়াইল, শুভাঢ্যা, মান্দাইল এলাকাসহ বেশ কয়েকটি স্থানে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লি এলাকায় তৈরি পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে। কেরানীগঞ্জ গার্মেন্টস ও দোকান মালিক সমিতির সাবেক সহসভাপতি আমানউল্লাহ জানান, বিদ্যুৎ না থাকায় ছোট-বড় পাঁচ সহস্রাধিক কল-কারখানায় তৈরি পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন প্রায় ৮-১০ কোটি টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেন আমানউল্লাহ।মালোপাড়া এলাকার শ্রীশ্রী দুর্গামন্দির পঞ্চায়েত কমিটির কর্মকর্তা প্রিয়নাথ বর্মণ বলেন, পানির সমস্যা সমাধানে পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে জেনারেটর ভাড়া নেওয়া হয়েছে। বিদ্যুৎ না আসা পর্যন্ত সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রক্রিয়ায় পাম্পের সাহায্যে পানি সরবরাহ করা হবে।গতকাল সকালে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, কালিন্দী, ছাটগাঁ, আগানগর, কালীগঞ্জ, মান্দাইল, চুনকুটিয়া ও শুভাঢ্যা এলাকায় গিয়ে দেখা যায়, নারী-পুরুষ, এমনকি শিশুরাও বালতি, কলস ও হাঁড়িপাতিল নিয়ে পানির জন্য এ বাড়ি-ও বাড়ি যাচ্ছে।বিদ্যুৎ না থাকার সুযোগে উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জেনারেটর, মোমবাতি, কেরোসিন তেল, হাঁড়িপাতিল ও কলসের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুভাঢ্যা বেগুনবাড়ীর বাসিন্দা সেন্টু মিয়া বলেন, বিদ্যুৎ না থাকায় পানির পাম্প বন্ধ রয়েছে। তাই পানি সংগ্রহের জন্য বালতি ও কলস কিনতে হয়েছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা কলসের দামও বাড়িয়ে দিয়েছেন। মাঝারি ধরনের প্রতিটি কলসের দাম হাঁকা হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে প্রতিটি ২০০ থেকে ২৫০ টাকায়।রিকশা-ভ্যানে করে জিনজিরা, কালিন্দী, ছাটগাঁ, আগানগর, কালীগঞ্জ, মান্দাইল ও চুনকুটিয়া এলাকায় জেনারেটর নিয়ে বহুতল ভবনগুলোতে পাম্পের সাহায্যে পানি তোলা হচ্ছে। জেনারেটর ব্যবসায়ী ইবনুল হোসেন জানান, জেনারেটরের মাধ্যমে এক হাজার লিটার পানির ট্যাংক ভরতে ৫০০ টাকা এবং ৫০০ লিটারের জন্য ৩০০ টাকা নেওয়া হচ্ছে। তিনি এ কাজে বিভিন্ন এলাকায় তিনটি জেনারেটর ব্যবহার করছেন।ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ কেরানীগঞ্জের হাসনাবাদ জোনাল অফিসের উপব্যবস্থাপক আমিরুল ইসলাম পাটোয়ারী গতকাল জানান, ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের দুই লাখ ২৫ হাজার এবং মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানের এক লাখ ১০ হাজার গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছেন।পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রকল্প ও উন্নয়ন পরিচালক মো. নাজিমউদ্দিন গতকাল জানান, সাবস্টেশনটি সচল করতে দুই দিন ধরে বিদ্যুৎ বিভাগের লোকজন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।