পাঁচ উপজেলার দায়িত্বে এক খাদ্য নিয়ন্ত্রক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুভাষ চন্দ্র নমকে জেলার পাঁচটি উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে এসব উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার আটটি উপজেলার মধ্যে তিনটিতে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আছেন। বাকি পাঁচটি উপজেলায় কর্মকর্তা নেই। তাই সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুভাষ চন্দ্র নম সদরের পাশাপাশি হাইমচর, মতলব (উত্তর), মতলব (দক্ষিণ) ও হাজীগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কচুয়ার খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমানকে শাহরাস্তিরও খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম জানান, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সপ্তাহে দু-এক দিন কার্যালয়ে আসেন। টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের কাজের ফাইল তাঁর দপ্তরে দিনের পর দিন জমা থাকে। এ কারণে সঠিক সময়ে প্রকল্পের বরাদ্দ অনুমোদন না হওয়ায় প্রকল্প বাস্তবায়নে সমস্যা হয়। তবে সুভাষ চন্দ্র দাবি করেন, যেখানে কাজ বেশি থাকে, সেই উপজেলায় তিনি বেশি সময় দেন। জেলার মধ্যে এখন হাজীগঞ্জে শুধু সরকারিভাবে ধান ক্রয় করা হচ্ছে। সে অনুযায়ী, অন্য উপজেলার তুলনায় হাজীগঞ্জে বেশি সময় দিচ্ছেন।