পাঁচ উপজেলায় আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ছয়টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ ১৫ মার্চ। এর পাঁচটিতে আওয়ামী লীগের ২২ জন ‘বিদ্রোহী’ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী হয়েছেন। চৌদ্দগ্রামে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বুড়িচং উপজেলায় দলটি থেকে কোনো পদেই কাউকে সমর্থন দেওয়া হয়নি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান—তিন পদের প্রার্থী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা একে অন্যকে ‘বিদ্রোহী’ বলে প্রচার করেন। কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুল মতিন খসরু দুই দফা বুড়িচং ও কুমিল্লা শহরে বৈঠক করেও একক প্রার্থী নির্ধারণ করতে পারেননি। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আখলাক হায়দার ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। এর মধ্যে আখলাক হায়দারের পক্ষে উপজেলা আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মী প্রচারণায় রয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহআলম, উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি মতিউর রহমান খান ও যুবলীগের সদস্য শাহজাদা আহম্মেদ রনি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদেরা পারভীন আক্তার ও বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আজাদের সহধর্মিণী কানিজ আয়েশা বেগম।
ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান চৌধুরী। ওই উপজেলায় ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগের সমর্থক জিয়াউল হাসান মাহমুদ ও আবুল কালাম ইদ্রিস। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সুলতান আহাম্মদ। এ পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।
নাঙ্গলকোট উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন কুলসুম আক্তার। ওই পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার। একই পদে প্রার্থী হয়েছেন রায়কোট ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছালেহা বেগম।
তিতাসে ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেয়েছেন উপজেলা যুবলীগের সদস্য শাহিনুল ইসলাম। এখানে ভাইস চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য আতিকুর রহমান ও একই কমিটির সদস্য কাউছার আহম্মেদ ভূঁইয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সমর্থন পেয়েছেন ছালেহা খাতুন। বিদ্রোহী প্রার্থী হয়েছেন সোনিয়া পারভীন ও আশরা বেগম।
হোমনা উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদের সহধর্মিণী রেহানা মজিদ। এ পদে ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শহিদ উল্লাহ ও মোহাম্মদ রুস্তম আলম। ভাইস চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মিনারা বেগম।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, ‘কেন্দ্রের নির্দেশ রয়েছে একক প্রার্থী করার জন্য। ওই নির্দেশ উপেক্ষা করে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের ব্যাপারে উপজেলা কমিটি বসে সিদ্ধান্ত নেবে। ওই সিদ্ধান্ত জেলা কমিটিকে জানালে আমরা কেন্দ্রে পাঠাব।’