পাঁচ উপজেলায় নির্বাচন বর্জন, তিনটিতে হরতাল
বিভিন্ন অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা, বরিশালের গৌরনদী, ভোলার লালমোহন, পাবনার সুজানগর উপজেলায় বিএনপি-সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
একই সঙ্গে শৈলকুপা, গৌরনদী ও সুজানগরে কাল বৃহস্পতিকাল হরতাল ডেকেছে উপজেলা বিএনপি। এ ছাড়া ঢাকার নবাবগঞ্জ উপজেলার দুটি কেন্দ্রে ও ঝিনাইদহের শৈলকুপার একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যশোরের একটি কেন্দ্র দখল নিয়ে সেখানে আধঘণ্টার জন্য ভোটগ্রহণ স্থগিত ছিল।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শৈলকুপা (ঝিনাইদহ): ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের বাড়ি থেকে বের হতে না দেওয়া, এমনকি প্রার্থীকে ভোটকেন্দ্র পরিদর্শনে বাধা দেওয়ার অভিযোগে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি। বেলা ১১টায় কবিরপুর বাসস্ট্যান্ডে সমবেত হয়ে দলটির নেতা-কর্মী ও চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান খাঁন দীপু উপস্থিত থেকে এই বর্জনের ঘোষণা দেন। এ সময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী টিক্কা জোয়ার্দ্দার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পলি খাতুন উপস্থিত ছিলেন। রাকিবুল হাসান খাঁন জানান, আরেকবার প্রমাণ হলো এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে পারে না।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যান। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স জানিয়েছেন, এই ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। অন্য সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
এ ছাড়া সদর উপজেলার গান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে আটটার দিকে সরকারদলীয় সমর্থকদের সঙ্গে বিএনপি-জামায়াতের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে সকাল সাড়ে নয়টার দিকে মামুনসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই ধরনের সংঘর্ষে তিনজন আহত হন।
দোগাছী ইউনিয়নের কলমনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ওপর প্রভাব বিস্তার করার সময় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ফয়েজ উদ্দিনকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গৌরনদী: উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত ও বিদ্রোহী তিন প্রার্থী। কারচুপির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।
ভোট বর্জন করা প্রার্থীরা হলেন বিএনপি-সমর্থিত চেয়্যারম্যান পদপ্রার্থী আবুল হোসেন মিয়া, বিদ্রোহী প্রার্থী লোকমান হোসেন খান এবং বিদ্রোহী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জহির সাজ্জাদ হান্নান। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে গৌরনদী প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের ঘোষণা দেন এই তিন প্রার্থী।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম খান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদ হোসেন তাঁদের বিরুদ্ধে আনা ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁদের দাবি, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে।
ভোলা: চেয়ারম্যান পদে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ভোটাধিকারে বাধা, জাল ভোট প্রদান, এজেন্ট বহিষ্কার, কর্মীদের ওপর হামলা-ভাঙচুর, আটক ও প্রশাসনের একচোখা মনোভাবের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন। একই অভিযোগ করেন বিএনপি-সমর্থিত প্রার্থী সফিকুল ইসলাম। তবে আওয়ামী লীগের প্রার্থী গিয়াসউদ্দিন ও সহকারী রিটানিং কর্মকর্তা লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন এ অভিযোগ অস্বীকার করেন। সরেজমিনে দেখা যায়, লালমোহন উপজেলা নির্বাচনে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। অনেক কেন্দ্রেই বিএনপির প্রার্থীদের এজেন্ট ছিলেন না। প্রতিটি কেন্দ্রে জাল ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে।
পাবনা: বিএনপির মনোনীত প্রার্থী হাজারী জাকির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হলে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা তাঁর নির্বাচনী এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কাটতে শুরু করে ও কিছু কেন্দ্রে জাল ভোট দেন। এভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে পাওয়া যায়নি।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম প্রথম আলোকে বলেন, জাকির হোসেন নির্বাচনে নিশ্চিত পরাজয় হবে ভেবে এ সিদ্ধান্ত নিতে পারেন।
সিরাজগঞ্জ: কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, ভোট কেটে নেওয়া, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কাজীপুর উপজেলার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি এই উপজেলা নির্বাচন স্থগিত রেখে পুনর্নির্বাচন দাবি করেছেন। আজ বেলা ১১টার সময় উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
আওয়ামী লীগের সমর্থক প্রার্থী মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আনা হয়। এ বিষয়ে জানতে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শাফিউল ইসলাম জানান, তাঁরা কোনো অভিযোগ পাননি।
নবাবগঞ্জ (ঢাকা): বেলা সোয়া একটার পর বিএনপি-সমর্থিত প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষের কিছু লোকজন উপজেলার কৈলাইল ইউনিয়নের দরিকান্দা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকেরাও ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। উভয় পক্ষের সমর্থকেরাই ভোট কারচুপির চেষ্টা করেন। এতে উত্তেজনা সৃষ্টি হয়। সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। এরপর সেখানে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা উপস্থিত হলে উভয় পক্ষের লোকজন কেন্দ্র থেকে দ্রুত বেরিয়ে যান। বেলা দেড়টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে বেলা আড়াইটার দিকে মাঝিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নাসিরউদ্দিন ঝিলুর সমর্থকেরা ব্যালট পেপারের পাঁচটি বই ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকলে প্রিসাইডিং কর্মকর্তা বাধা দেন। সেখানে একটি বইয়ের ৭৯টি ব্যালটে সিল মারা অবস্থায় পাওয়া যায়। বাকি চারটি বই নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বেলা তিনটা ৪০ মিনিটে ঢাকা জেলা প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে এ কেন্দ্রে পুনরায় ভোট হবে বলে জানান।
অভয়নগর (যশোর): দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রবিন অধিকারীর ২০-২৫ জন সমর্থক রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালক বিদ্যালয়ের কেন্দ্রে ঢুকে বিএনপির প্রার্থী নূরল হক মোল্যার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেন ও ব্যালট পেপারে সিল মেরে ভোটবাক্সে ঢোকাতে থাকেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তাঁদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি ফাঁকা গুলি ছোড়ে। কেন্দ্র দখলকারীরা চলে যাওয়ার সময় কেন্দ্রের পাশে বিএনপি-সমর্থিত প্রার্থীর তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশীষ কুমার নন্দী প্রথম আলোকে জানান, ২০-২৫ জন লোক দুপুর ১২টার দিকে ভোটকেন্দ্র দখল করে, জোর করে ভোট দেওয়ার চেষ্টা করেছিল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বাধার মুখে তারা পিছু হটে। এতে কেন্দ্রে আধঘণ্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৯৭টি উপজেলায় আজ ভোট নেওয়া হচ্ছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। নিরবচ্ছিন্নভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।