পাঁচ উপজেলায় নৌ চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই হ্রদে কচুরিপানার কারণে হ্রদ পরিবেষ্টিত পাঁচ উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, সদর ও নানিয়ারচরের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।গত ২২ সেপ্টেম্বর সরেজমিনে কাপ্তাই জেটিঘাটসংলগ্ন হ্রদ এলাকা পরিদর্শন করে দেখা গেছে, কচুরিপানার বিশাল জট। যাত্রীরা বিলাইছড়ি উপজেলায় যাওয়ার জন্য বোটে উঠেছে। যে পথ পাড়ি দিতে দুই মিনিট লাগে, সেই পথে ৩০ মিনিটেরও বেশি সময় লাগছে। বোটচালক ওয়াজি উল্লা অনেক চেষ্টা করছেন কচুরিপানা ঠেলে বের হতে, কিন্তু কিছুতেই কচুরিপানা ঠেলে সামনের দিকে যেতে পারছিলেন না। এতে সময় অপচয়ের পাশাপাশি খরচও বেড়ে যায়। বোটচালক দেলোয়ার হোসেন বলেন, কচুরিপানার চাপ এত বেশি যে বোট চালাতে ইচ্ছা করে না। হ্রদে বর্তমানে সব ধরনের ইঞ্জিন বোট, সাম্পান, ডিঙি নৌকা, সেনাবাহিনীর স্পিডবোট ইত্যাদি চলাচল থমকে আছে।নৌপথের যাত্রী মো. একরাম বলেন, গত বছরও একইভাবে কচুরিপানার জট হয়েছিল। সে সময় কাপ্তাইয়ের সঙ্গে বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, সদর, নানিয়ারচরসহ বিভিন্ন উপজেলার তিন মাস নৌ-যোগাযোগ বন্ধ ছিল।কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১৭ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম মাহমুদুল হাসান বলেন, কচুরিপানার কারণে সেনাবাহিনীর নৌযানগুলো শামসুদ্দীন ঘাটে ভিড়তে পারছে না। অনেক ঘুরে যাতায়াত করতে হচ্ছে।কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আবদুল মতিন হাওলাদার বলেন, গত বছর কচুরিপানা পরিষ্কার করতে কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ৭ আরই ব্যাটালিয়ন, উপজেলা প্রশাসন ও কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র যৌথ উদ্যোগ নেয়। সে সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় প্রায় দুই হাজার লোক স্বেচ্ছাশ্রমে হ্রদ থেকে কচুরিপানা অপসারণে অংশ নেয়।কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ফেরদাউস আলী বলেন, কচুরিপানা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের জেনারেটরের মুখেও এসে জড়ো হয়। একবার পরিষ্কার করলে আবার কচুরিপানা ভেসে আসছে, এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। হ্রদে ব্যক্তি উদ্যোগে মাছ চাষ, মাছ চাষের জন্য জাগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু প্রত্যন্ত এলাকায় মানুষ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ চাষ করছে। আর মাছ চাষের সুবিধার্থে কচুরিপানার বংশবিস্তার করা হয়। ওই কচুরিপানাই বৃষ্টির পানির সঙ্গে কাপ্তাই জেটিঘাট, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, কেপিএম, স্পিল (কাপ্তাই হ্রদের পানি ছাড়ার মুখ) এলাকায় জমা হয়ে দুর্ভোগ বাড়ায়।কাপ্তাই বোট মালিক সমিতির সভাপতি তফাজ্জল হোসেন বলেন, কচুরিপানার কারণে তিন মাস ধরে জেটিঘাট থেকে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারছে না। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইলিয়াস হোসেন বলেন, কাপ্তাই হ্রদ এলাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর কার্যালয় রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে হ্রদে প্রতিনিয়ত সেনা টহল দিতে হয়। কিন্তু হ্রদজুড়ে কচুরিপানা বেড়ে যাওয়ায় নৌপথে চলাচল সম্ভব হচ্ছে না।