পাঁচ উপজেলায় ১৪৪ ধারা
নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী, লক্ষ্মীপুরের রায়পুর, ফেনীর ছাগলনাইয়া এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে গতকাল সোমবার ১৪৪ ধারা জারি করা হয়। এর মধ্যে সোনাইমুড়ী ও ছাগলনাইয়া উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানানো হয়েছে।জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ ও তাঁদের সহযোগী সংগঠন ওই সব স্থানে একই সময়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই পদক্ষেপ নেয় স্থানীয় উপজেলা প্রশাসন।এ ছাড়া গত রোববার দিবাগত রাত ও গতকাল বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।১৪৪ ধারা: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলওয়ে ময়দান ও সংলগ্ন এলাকায় সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং সোনাইমুড়ী উপজেলার রেলওয়ে ময়দান ও সোনাইমুড়ী বাজারে বেলা দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর শহরের আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত। ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকায় সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রয়েছে। ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার হেলিপ্যাড ও আশপাশের এলাকায় দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।হামলা, লাঠিপেটা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বেলা দুইটার দিকে পৌর শহরের টি. আলী বাড়ির মোড় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।প্রায় একই সময়ে বগুড়ার শেরপুর উপজেলা শহরতলি শেরুয়া বটতলা এলাকায় মিছিল শেষে সমাবেশ করার সময় লাঠিপেটা করে পুলিশ। এতে ১০ জন আহত হন। পরে ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা জামায়াতের নেতা ও নিকাহ নিবন্ধক আবুল কালামের কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে কার্যালয়ের কাগজপত্র বাইরের রাস্তায় এনে আগুন ধরিয়ে দেন।গ্রেপ্তার ১৪: গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা এলাকায় বেলা আড়াইটার দিকে জামায়াতের একটি মিছিল বের হয়। ওই মিছিলের পেছন থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর শহর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রায়পুর সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি শাখার সভাপতি ফরহাদ হোসেন ও বাবুরহাট অঞ্চল শাখার সেক্রেটারি দক্ষিণ রায়পুর গ্রামের মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কাশিমকে। একই রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রাম থেকে জাফরগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান, রুকন মো. আবদুল আলীম ও সাথি মো. নজরুল ইসলাম; সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরাফাত মিয়া, কর্মী আবদুল ওয়াদুদ ও যুবদলের নেতা নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ও ফেনী; নোয়াখালী ও ফরিদপুর অফিস; নারায়ণগঞ্জ, গাজীপুর, আখাউড়া, কসবা (ব্রাহ্মণবাড়িয়া), রায়পুর (লক্ষ্মীপুর), পীরগঞ্জ (ঠাকুরগাঁও), দেবীদ্বার (কুমিল্লা), শেরপুর (বগুড়া) ও বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি]