পাঁচ কনস্টেবলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি হেফাজতে ধর্ষণের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পুলিশের অজ্ঞাতনামা পাঁচ সদস্যের (কনস্টেবল) বিরুদ্ধে ওই থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশে মামলাটি করা হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক কিশোরী (১৭) বাদী হয়ে মামলাটি করে।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহসান হাবিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আহসান হাবিব বলেন, গতকাল রোববার তিনি তদন্তের দায়িত্ব পেয়েছেন। তদন্তকাজ শুরু করা হয়েছে। আদালত ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য গাইবান্ধার সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হানিফ বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর গতকাল ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন দেওয়া হবে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় লোকজন ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কাছে মাস্তা এলাকায় ওই কিশোরীকে কান্নাকাটি করতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ওই দিন রাতে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন ২৯ সেপ্টেম্বর সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ। ৩০ সেপ্টেম্বর পুলিশ কিশোরীকে গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. তারিখ হোসেনের আদালতে হাজির করে। আদালত কিশোরীকে গাইবান্ধা জেলা কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন। গত ২ অক্টোবর পুনরায় কিশোরীকে ওই আদালতে হাজির করে তার জবানবন্দি নেওয়া হয়। থানা হেফাজতে থাকার সময় পুলিশের পাঁচ সদস্য তাকে ধর্ষণ করেন বলে জবানবন্দিতে অভিযোগ করে ওই কিশোরী। এরপর আদালত কিশোরীর জবানবন্দি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।
এজাহারের উদ্ধৃতি দিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন বলেন, ২৯ তারিখ রাত ১১টার সময় পাহারারত মহিলা পুলিশ খাওয়ার কথা বলে চলে যান। এ সময় পুলিশের পাঁচ সদস্য ওই কিশোরীর হাত বেঁধে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।