চোরাচালানি মামলার আলামত বিক্রি ও জালিয়াতি করে সাড়ে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের সহকারী পরিচালক আমিনুর রহমান বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।মামলার আসামিরা হচ্ছেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন, খুলনার বটিয়াঘাটা থানার উপপরিদর্শক (এসআই) বি এম লিয়াকত আলী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার এসআই খলিলুর রহমান, কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট (শুল্ক ও স্টেশন) দর্শনা কার্যালয়ের সিপাই শেখ আলাউদ্দীন আহমেদ ও কাস্টমস কবির হোসেন।মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ২৬ মে ভারতীয় অবৈধ পণ্যবোঝাই একটি ট্রাক যশোরের দিকে আসার পথে খুলনার ডুমুরিয়া থানার পুলিশ সেটি ধাওয়া করে কেশবপুর উপজেলা সদরের মাইকেল গেট এলাকায় আটক করে। এ সময় ট্রাকে থাকা ৫৯ হাজার ৪০০ টাকার পেঁয়াজ এবং ৬২ লাখ ৮৩ হাজার ১০০ টাকা দামের ভারতীয় কাপড় উদ্ধার করা হয়।এ ঘটনায় মামলা দায়েরের পর চালক সবুর খানকে আদালতে পাঠানো হয়। তাঁর জামিন শুনানিকালে আদালত মামলার আলামত হাজির করার জন্য তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার তৎকালীন এসআই খলিলুর রহমানকে নির্দেশ দেন। থানার মালখানায় মালামাল সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকার বিষয়টি উল্লেখ করে তদন্ত কর্মকর্তা জব্দকৃত মালামাল যশোর কাস্টম গুদামে জমা রাখার আবেদন করেন। আদালত আবেদন আমলে নিয়ে মালামালের নমুনা সংরক্ষণ করে সেখানে রাখার নির্দেশ দেন। এর মধ্যে কেশবপুর থানার ওসি মীর রেজাউল হোসেনের পরামর্শে এবং যশোর সদর পুলিশ ফাঁড়ির তৎকালীন এসআই বি এম লিয়াকত আলীর সহযোগিতায় তদন্ত কর্মকর্তা খলিলুর রহমান জব্দকৃত পণ্য বিক্রির অর্থ আত্মসাৎ করেন।ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তা যশোর কাস্টম এজেন্ট কবির হোসেন ও গুদামে কর্মরত তৎকালীন সিপাই শেখ আলাউদ্দীন আহমেদকে ব্যবহার করে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট নথি থেকে প্রকৃত জব্দ তালিকা সরিয়ে খুলনার হূদয় ফেব্রিক্স থেকে নেওয়া বাংলাদেশি পণ্যকে ভারতীয় পণ্য হিসেবে উল্লেখ করে ভুয়া জব্দ তালিকা সংযুক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু সহকারী রাজস্ব কর্মকর্তার কাছে প্রকৃত জব্দ তালিকার কপি থাকায় বিষয়টি ফাঁস হয়ে যায়। হূদয় ফেব্রিক্স থেকে মালামাল নেওয়া হলেও তাঁদের ১৩ লাখ টাকাও পরিশোধ করা হয়নি।এ ব্যাপারে কেশবপুর থানার ওসি মীর রেজাউল হোসেন বলেন, জব্দ তালিকা অনুযায়ী মালামাল কাস্টম গুদামে জমা দেওয়া হয়েছে। জমা দেওয়ার কাগজপত্রও সংরক্ষণে রয়েছে। আদালতে লড়াই করবেন বলে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।