খাসপুকুর ইজারা দেওয়ায় অনিয়মের অভিযোগ এনে জয়পুরহাটের জেলা প্রশাসকসহ পাঁচ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। পাঁচবিবি উপজেলার দমদমা করট্টি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি দেওয়ান সিরাজুল ইসলাম ও একই উপজেলার খাস বাগুড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মামনুর রশিদ ২ আগস্ট মামলাটি করেন।মামলার অন্য আসামিরা হলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পাঁচবিবি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা। মামলার পরিপ্রেক্ষিতে পাঁচবিবি উপজেলা সহকারী জজ আদালতের বিচারক কৃষ্ণকান্ত রায় গত ২০ জুলাই উপজেলার ২৯টি পুকুর ইজারায় জেলা প্রশাসনের নোটিশ স্থগিত করেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি লঙ্ঘন করে জলমহাল বন্দোবস্ত পাওয়ার যোগ্যদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে পুকুরগুলো ইজারা দিয়ে এক নম্বর বিবাদী (জেলা প্রশাসক) বেআইনি কাজ করেছেন।এ বিষয়ে জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম জানান, যেসব পুকুর ইজারা দেওয়া হয়েছে, তা যথাযথভাবে আইন মেনেই দেওয়া হয়েছে। বাকিগুলো পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া হবে। অর্থের বিনিময়ে পুকুর ইজারা দেওয়ার প্রশ্নই আসে না।