পাঁচ কারখানাকে ২ কোটি ৩৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটার কারসাজি করে পৌনে ১০ লাখ ইউনিট বিদ্যুৎ চুরির অভিযোগে নারায়ণগঞ্জের পাঁচটি কারখানাকে ২ কোটি ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
গতকাল বুধবার ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মুনীর চৌধুরী বিদ্যুৎ আইনে পাঁচ কারখানাকে এই জরিমানা করেন। বিদ্যুৎ চুরিতে সহযোগিতার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামানকে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্সের পক্ষে সহকারী ব্যবস্থাপক (অর্থ) মো. আবু কায়সার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্তু ডায়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন প্রধানকে ২৭ লাখ টাকা এবং ফপটেক্স গার্মেন্টস লিমিটেড, ফপটেক্স ডায়িং লিমিটেড ও ফপটেক্স নিটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার মোর্শেদকে ১ কোটি ২৯ লাখ এবং ফ্রেন্ডস ডায়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হোসেনকে ৭৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সকাল থেকে ছয় ঘণ্টা ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স নারায়ণগঞ্জ শহরের পশ্চিম হাজীগঞ্জ, ফতুল্লা ও পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে এ অভিযান চালায়।
এ বিষয়ে স্পেশাল টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিদ্যুৎ চুরির এ ঘটনা দুর্বৃত্তপনার শামিল; যা বিদ্যুৎ খাতের জন্য চ্যালেঞ্জ।
গাজীপুরে আটজনকে জরিমানা: ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিদ্যুৎ চুরির দায়ে গতকাল বুধবার গাজীপুর শহরের নাওজোড় এলাকার মঞ্জু হাজি সরকারকে ৫ লাখ ২০ হাজার, সাত্তার সরকারকে ১ লাখ ২৫ হাজার, কড্ডা এলাকার হায়দার আলীকে ১ লাখ ২৫ হাজার, শরিফপুর এলাকার মো. আইনুদ্দিনকে ৪ লাখ ৭০ হাজার, চান্দনা চৌরাস্তা এলাকার আনছার আলীকে ২ লাখ ৫ হাজার ও একই এলাকার নুরুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পল্লী বিদ্যুৎ কালিয়াকৈরের চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন আড়াবাড়ি এলাকার মাসুদ পারভেজকে ১ লাখ ৭৮ হাজার, সাকাশ্বর এলাকার কাজী সোহরাবকে ৪৬ হাজার ও একই এলাকার কাজী পিয়াসকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।