পাঁচ কারখানাকে ৮০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের তিনটি ও গাজীপুরের দুটি কারখানাকে ৮০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুরে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকায় পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান ওই পাঁচটি কারখানার মালিক/প্রতিনিধির উপস্থিতিতে শুনানি করেন। এ সময় পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ না করেই কারখানা পরিচালনা করার দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইলের হোসেন টেক্সটাইল মিলস কর্তৃপক্ষকে পাঁচ লাখ, ফতুল্লার সস্তাপুর এলাকার হাজি রসুল ডায়িং (রয়া ডায়িং) কর্তৃপক্ষকে পাঁচ লাখ, গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকার সার্প নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড কর্তৃপক্ষকে ৩৩ লাখ টাকা ও টঙ্গীর শিলমুন এলাকার এমআর টেক্সকে ১ লাখ জরিমানা করা হয়। এ ছাড়া অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলার দায়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের বাংলাদেশ পেপার মিলস লিমিটেড কর্তৃপক্ষকে জরিমানা করা হয় ৩৬ লাখ টাকা।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান এই জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।