পাঁচ কারখানার দেড় কোটি টাকা জরিমানা
পরিবেশ দূষণের দায়ে ঢাকার তিনটি কারখানা এবং চট্টগ্রাম ইপিজেডের তরল বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষ ও একটি কারখানাকে দেড় কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গতকাল বুধবার অধিদপ্তরে শুনানি শেষে এই জরিমানা করেন।
কর্ণফুলী নদীতে দূষিত তরল বর্জ্য ফেলা এবং সাগর দূষণের দায়ে চট্টগ্রাম ইপিজেড এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে এক কোটি টাকা জরিমানা করা হয়। ইপিজেডের ভেতরে থাকা ৬০টি কারখানার মধ্যে ৫৪টির তরল বর্জ্য পরিশোধনের দায়িত্বে ছিল কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠান ছাড়াও চট্টগ্রামের হাবিলাস দ্বীপের টি কে কেমিক্যাল অ্যান্ড পেপার মিলকে নয় লাখ টাকা জরিমানা করা হয়।
গত ৫ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) চট্টগ্রাম ইপিজেড ও কারখানাটি পরিদর্শন করেন। সেখান থেকে নেওয়া পানির নমুনা চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে পরীক্ষা করে মানমাত্রার চেয়ে বেশি পরিমাণ দূষণ পাওয়া যায়।
অন্যদিকে, তরল বর্জ্য তুরাগ নদে ফেলার দায়ে ঢাকার ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডকে ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়। বর্জ্য শোধনাগার ছাড়া কারখানা পরিচালনার জন্য সাতারকূলের ক্রিস্টাল ওয়াশিং লিমিটেডকে তিন লাখ এবং সৌরভ ডায়িংকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।