পাঁচ কিমি কাঁচা, দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার তুলশীঘাট-নাকাইহাট সড়ক পাকা না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদার সৃষ্টি হয়। কুমারগাড়ি এলাকা থেকে গত বৃহস্পতিবার সকালে তোলা ছবি l প্রথম আলো
গাইবান্ধার তুলশীঘাট-নাকাইহাট সড়ক পাকা না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদার সৃষ্টি হয়। কুমারগাড়ি এলাকা থেকে গত বৃহস্পতিবার সকালে তোলা ছবি l প্রথম আলো

গাইবান্ধার তুলসীঘাট-নাকাইহাট সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। সড়কটির প্রায় পাঁচ কিলোমিটার অংশ কাঁচা থাকায় আসন্ন বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছে এলাকার লোকজন।
এলাকাবাসী বলছেন, সড়কটি গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ—এই তিন উপজেলার মধ্য দিয়ে গেছে। এই উপজেলা তিনটি গাইবান্ধা-২, ৩ ও ৪ সংসদীয় আসনে পড়েছে। তুলনামূলকভাবে তিন সাংসদেরই ভোট কম এখানে। তাই রাস্তাটির উন্নয়নে তাঁদের গরজ নেই।
গাইবান্ধা-৩ আসনের সাংসদ ইউনুছ আলী সরকার বলেন, শুধু ওই সড়ক নয়, পর্যায়ক্রমে উপজেলার সব কাঁচা সড়কই পাকা করা হবে।
একই বিষয়ে গাইবান্ধা-৪ আসনের সাংসদ আবুল কালাম আজাদ বলেন, ‘আমি সাংসদ নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত অনেক কাঁচা সড়ক পাকা হয়েছে। এই উন্নয়ন অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতায় তুলসীঘাট-নাকাইহাট সড়কের ওই অংশও পাকা করা হবে।’
স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) গাইবান্ধা কার্যালয় সূত্র জানায়, তুলসীঘাট-নাকাইহাট সড়কটির দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। গাইবান্ধা সদরের তুলসীঘাট থেকে পলাশবাড়ীর ঘোড়াবান্ধা বাজার হয়ে গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের ডুমরগাছা গ্রাম পর্যন্ত সড়কটি নির্মাণের পর সংস্কার করা হয়নি। ঘোড়াবান্ধা বাজার থেকে ডুমরগাছা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক এখনো কাঁচা।
এলাকার লোকজন বলেন, ওই পাঁচ কিলোমিটার সড়কের মরাঘাঁটিসহ কয়েকটি অংশ প্রতিবারই বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় ভেঙে যায়। বর্ষাকালে কাদা হওয়ায় এই অংশে চলা দায় হয়ে যায়। সড়কটির কুমারগাড়ি অংশের কয়েকটি স্থান খুবই সরু। হালকা গাড়িও চলাচল করতে পারে না।
কুমারগাড়ি গ্রামের স্কুলশিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচিত হলে সংস্কার দূরের কথা, তাঁদের খোঁজই পাওয়া যায় না।
ডুমরগাছা গ্রামের ব্যবসায়ী মুকুল মিয়া বলেন, পলাশবাড়ীর মনোহরপুর ও গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষকে এই সড়ক ধরে দুটি উপজেলা শহরে যাতায়াত করতে হয়। তা ছাড়া সড়কটির দুই প্রান্তে নাকাইহাট ও তুলসীঘাট নামে দুটি বড় হাট বসে। কিন্তু সংস্কারের অভাবে মানুষকে যাতায়াতে দুর্ভোগে পড়তে হচ্ছে। এতে সময় লাগছে বেশি। খরচও বেড়ে যাচ্ছে।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম বলেন, সড়কটি সংস্কার কিংবা পাকাকরণে বর্তমানে কোনো প্রকল্প নেই। তবে কাঁচা অংশ পাকা করার জন্য প্রস্তাব পাঠানো হবে।