
জায়গায় জায়গায় পিচ-খোয়া উঠে গর্ত হয়ে গেছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে ডোবার রূপ নিয়েছে। বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া-কুন্দুগ্রাম রাস্তাটির সাড়ে পাঁচ কিলোমিটার অংশজুড়ে এ অবস্থা। ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়েই চলাচল করছে যাত্রী ও মালবাহী যানবাহন। তিন বছর ধরে এ অবস্থা চলছে।
দুপচাঁচিয়ার উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, তালোড়া-কুন্দুগ্রাম রাস্তাটি দৈর্ঘ্যে সাড়ে পাঁচ কিলোমিটার এবং প্রস্থে নয় ফুট । রাস্তাটি দুপচাঁচিয়া ও তালোড়ার ধান-চালের মোকামের পণ্য আনা-নেওয়ার পাশাপাশি আদমদীঘির কুন্দুগ্রাম, চাঁপাপুর, আবাদপুকুর হয়ে কালীগঞ্জের ধানের মোকামগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। আদমদীঘির ওই এলাকাগুলোর লোকজন এই রাস্তা দিয়ে তালোড়া হয়ে বগুড়া জেলা শহরে প্রতিদিন যাতায়াত করেন। রাস্তাটি সর্বশেষ ২০১১-২০১২ অর্থবছরে ৪৪ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বেশির ভাগ অংশেই পিচ ও খোয়া উঠে গেছে। এ অবস্থায় মালবোঝাই ভারী যানবাহন বিকল্প আলতাফনগর-চৌমহনী রাস্তা হয়ে বগুড়া-নওগাঁ সড়কপথে চলাচল করে। এতে করে অতিরিক্ত ১৫-২০ কিলোমিটার রাস্তা ঘুরতে হয়। তবে সিএনজিচালিত অটোরিকশা আর ভ্যানগাড়ি যাত্রী ও মালামাল নিয়ে এ রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে।
তালোড়ার গাংবেলঘরিয়ার কাছে ঈদগাহ মাঠের মোড়ে কথা হয় সিএনজিচালক আক্কাছ আলীর সঙ্গে। তিনি বলেন, ‘সামান্য রাস্তায় কয়েকটি জায়গায় বড় বড় গর্ত। গর্তগুলোর কাছে এসে বারবার যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়ি পার করতে হয়। এতে যাত্রীরা বিরক্ত হন। এই রাস্তা পার হতে আগে ২০ মিনিটের মতো লাগত। এখন এক ঘণ্টায়ও যেতে পারি না। সারা দিন যে টাকা কামাই করি, তা গ্যারেজেই দিয়ে দিতে হয়।’
দুপচাঁচিয়ার তালোড়ার উজ্জ্বল কুমার চৌধুরী কুন্দুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যান। তিনি বলেন, তালোড়া থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে কুন্দুগ্রাম। মাত্র ৩০ মিনিটের পথ। কিন্তু বেহাল রাস্তার কারণে এক ঘণ্টা আগেই বাড়ি থেকে বের হতে হয়। এরপর রাস্তার কয়েক জায়গায় ডোবার সৃষ্টি হওয়ায় অটোরিকশা থেকে কয়েকবার করে নামতে হয়। মাঝেমধ্যে কাদাপানিতে কাপড় নষ্ট হয়ে যায়।
দুপচাঁচিয়ার মাহমুদার রহমান চাঁপাপুর কৃষি ব্যাংকের কর্মকর্তা। তিনি বলেন, রাস্তার এ দুর্দশার জন্য বগুড়া-নওগাঁ সড়ক হয়ে অতিরিক্ত ১০ কিলোমিটার পথ বেশি পাড়ি দিয়ে ব্যাংকে যাতায়াত করেন তিনি।
তালোড়ার চালকল মালিক সমিতির সভাপতি হাজি আনোয়ারুল হক তালুকদার বলেন, আদমদীঘি উপজেলার দক্ষিণ অংশের লোকজন এই রাস্তা দিয়ে তালোড়ায় আসেন। আবার কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য এই রাস্তা দিয়ে তালোড়া বাজার ও জেলা শহরে নিয়ে যান। কিন্তু রাস্তার কারণে লোকজনের সবকিছুই বন্ধ হয়ে গেছে।
তালোড়া পৌরসভার মেয়র আবদুল জলিল বলেন, বছর দেড়েক হলো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেই থেকে রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কয়েকবার যোগাযোগ করা হয়েছে।
দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, রাস্তাটি সংস্কারের জন্য টাকা বরাদ্দ চেয়ে পত্র পাঠানো হয়েছে। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি যত দ্রুত সম্ভব সংস্কার করা হবে।