পাঁচ কিলোমিটার বিধ্বস্ত, যেতে হয় নৌকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
জেয়ারের পানির তোড়ে বিধ্বস্ত হয়েছে সড়কটি। ছবিটি গত মঙ্গলবার টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের উত্তরপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
জেয়ারের পানির তোড়ে বিধ্বস্ত হয়েছে সড়কটি। ছবিটি গত মঙ্গলবার টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের উত্তরপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার। এর মধ্যে শাহপরীর দ্বীপের উত্তরপাড়া থেকে হারিয়াখালী পর্যন্ত পাঁচ কিলোমিটারই ক্ষতবিক্ষত। জোয়ারের তোড়ে সড়কের বেশির ভাগ স্থানে কার্পেটিংয়ের অস্তিত্ব নেই; ইটের খোয়াও ভেসে গেছে।

এলাকাবাসী বলেন, ২০১২ সালের ২২ জুলাই জোয়ারে সড়কটির পাশের উপকূলীয় বেড়িবাঁধের সাড়ে তিন কিলোমিটার এলাকা ভেঙে যায়। এতে সড়কের ভরাখাল এলাকার একটি কালভার্ট ধসে পড়ে। এরপর ধীরে ধীরে ওই পাঁচ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় শাহপরীর দ্বীপের সঙ্গে টেকনাফ সদরের সরাসরি সড়ক যোগাযোগ। শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার গৃহবধূ শাহেদা সুলতানা বলেন, বর্ষা মৌসুমে কোনোরকমে নৌকায় করে এ পাঁচ কিলোমিটার পার হয়ে সড়কের আরেক পাশে উঠতে হয়। কিন্তু শুকনো মৌসুমে সেই সুযোগও থাকে না। চলাচলে এমন কষ্টে রয়েছে শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া, হাজিপাড়া, মিস্ত্রিপাড়া, দক্ষিণপাড়া, বাজারপাড়া, কোনারপাড়া, ডেইলপাড়াসহ ১৬ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ। গ্রামগুলো পড়েছে টেকনাফের সাবরাং ইউনিয়নে।
সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন বলেন, বেড়িবাঁধের ওই ভাঙা অংশ দিয়ে মাঝেমধ্যেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে ওই ১৬ গ্রামের বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। অনেকে ঘরবাড়ি ছেড়ে উপজেলার অন্যত্র গিয়ে ভাড়া বাসায় থাকছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নানা চেষ্টা-তদবির করে বেড়িবাঁধটি নির্মাণের একটি প্রকল্প অনুমোদন হয়েছে। কিন্তু ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া আজও শুরু হয়নি। আর সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হলেও তা মেরামতে যেন কোনো গরজ নেই তাদের।
সওজের কক্সবাজার কার্যালয় সূত্র বলছে, ১৩ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কটি আগেও কয়েকবার মেরামত করা হয়েছে। তবে প্রতিবারই জোয়ারের পানি উঠে সেটি নষ্ট হয়।
কক্সবাজার সওজের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, ভাঙা বেড়িবাঁধ মেরামত না হওয়ায় টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের ভাঙা অংশ ও কালভার্ট নির্মাণ করা সম্ভব হচ্ছে না। কারণ, এখন টাকা খরচ করে সড়ক নির্মাণ করলে যেকোনো সময় তা জোয়ারের পানিতে ভেঙে যাবে। তাই আগে বেড়িবাঁধ নির্মাণ; এরপর সড়ক মেরামত। তবে কবে নাগাদ হবে, তা তিনি বলতে পারছেন না।
১১ অক্টোবর সরেজমিনে দেখা যায়, টেকনাফ থেকে শাহপরীর দ্বীপে যাওয়ার একমাত্র সড়কটি পানিতে নিমজ্জিত। স্থানীয় লোকজন নৌকা নিয়ে চলাচল করছেন। অকেজো হয়ে পড়েছে পাউবোর চারটি স্লুইসগেটও।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) টেকনাফের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, গত ১৬ আগস্ট একনেকের সভায় ১০৬ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ মেরামতের প্রকল্প অনুমোদন করা হয়। তবে শর্ত ছিল, ওই সাড়ে তিন কিলোমিটার এলাকায় উপকূলে গাছ লাগাতে হবে। সে অনুযায়ী ছয় লাখের মতো গাছ লাগিয়েছে পাউবো। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। শিগগিরই বেড়িবাঁধ মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হবে।