
পিরোজপুর-পাথরঘাটা সড়কে মঠবাড়িয়া পৌরসভা থেকে গুলিসাখালী বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটারে ছোট-বড় ৫০টি গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটির দুই পাশের বেশির ভাগ অংশে মাটি না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় লোকজন জানান, বরগুনার পাথরঘাটার সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশে সড়কপথে যোগাযোগ, মাছ ও পণ্য পরিবহনে এই সড়কটিই একমাত্র ভরসা। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় পাথরঘাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাসচালক রেজাউল করিম বলেন, সড়কের ওই সব খানাখন্দে যানবাহনের চাকা বসে যায়। ভাঙা রাস্তায় চলতে গিয়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। তা ছাড়া সরু ওই সড়কটির দুই পাশে মাটি না থাকায় দুটি গাড়ি মুখোমুখি হলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত শুক্রবার সকালে সড়কের মোল্লারহাট এলাকায় বিআরটিসির একটি বাসকে পাশ কাটাতে গিয়ে মালবোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে যায়।
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী ফকরুল ইসলাম বলেন, সড়কের মঠবাড়িয়া থেকে গুলিসাখালীর সিঅ্যান্ডবি অংশের আট কিলোমিটার সড়ক ২০০০-০১ অর্থবছরে সংস্কার করা হয়। এর পর থেকে আর সংস্কার না হওয়ায় সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। ওই সব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইট দিয়ে ওই সব গর্ত ভরাট করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের থানাপাড়া থেকে গুলিসাখালী বাজার পর্যন্ত সড়কে ৫০টির বেশি ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে দফাদারবাড়ি, মাঝিবাড়ি, বয়াতিরহাট, রায়েরবাজার, বটতলা ও গুলিসাখালী বাজারসংলগ্ন এলাকায় সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে খানাখন্দের কারণে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলার সেনের টিকিকাটা গ্রামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, সড়ক দিয়ে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) মাছবাহী ট্রাক, স্থানীয় ও দূরপাল্লার বাসসহ প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে। বেহাল সড়কটি কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
বয়াতিরহাট এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছগির মিয়া বলেন, সড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা না হলে যেকোনো সময় যান চলাচল বন্ধ হয়ে যাবে।
সওজ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই মেরামতকাজ শুরু হবে।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, সড়কটি মেরামতের জন্য সওজের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।